ঢাকায় বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে স্নায়ুক্ষয়ী লড়াইয়ের পর শেষ মিনিটের গোলে হংকংয়ের কাছে ৩-৪ ব্যবধানে হার মানে বাংলাদেশ। দ্রুতই হংকংয়ের মাঠে ফিরতি লেগের ম্যাচ খেলতে হবে লাল-সবুজ জার্সিধারীদের। ১৪ অক্টোবরের সেই ম্যাচ খেলতে গতকাল পূর্ব এশিয়ার দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা।

ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ড্র করতে করতে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে বাংলাদেশ। এ হারের পর হামজাদের মূল পর্বে ওঠার কাজটি এখন কঠিন হলো। এদিন ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করে সিঙ্গাপুর ও ভারত। পরে বাংলাদেশকে হারিয়ে শীর্ষে উঠে যায় হংকং, যাদের পয়েন্ট এখন ৭। এছাড়া সিঙ্গাপুরের ৫, ভারতের ২ ও বাংলাদেশের ১ পয়েন্ট।

তবে শুধু শীর্ষ তিনের মধ্যে এলেই হবে না, শীর্ষে ফিরতে না পারলে পরের এশিয়ান কাপে খেলা সম্ভব না। সৌদি আরবে অনুষ্ঠেয় ২০২৭ সালের এশিয়ান কাপে লড়বে ২৪টি দেশ।

এরই মধ্যে ১৮টি দেশের এশিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে। বাকি ৬টি দেশ মূল পর্বে উঠবে বাছাইপর্ব খেলে। ২৪টি দল বাছাইপর্বে ৬টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপের সেরা দলটি উঠে যাবে এশিয়ান কাপের মূল পর্বে। কাজেই বাংলাদেশকে পরের তিনটি ম্যাচই জিততে হবে, তারপর অন্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করবে এশিয়ান কাপে খেলার ভাগ্য।

জামাল ভূঁইয়াও শেষের আগে শেষ বলতে নারাজ। হংকংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এ দলের একটা ইতিহাস আছে—আমরা শেষ মুহূর্তে গোল হজম করি। এ ম্যাচের আগে আমরা আলাপ করেছি, আমাদের পুরো ম্যাচে মনোযোগী থাকতে হবে। এখন আমাদের হাতে তিনটি ম্যাচ আছে। তিনটিই জিততে হবে। জেতা সম্ভব হবে না কেন? ৩ পয়েন্ট পেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এবার আমরা কিছু দিতে পারব।’