বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে সাতক্ষীরা থেকে উঠে আসা ওয়ারিয়র স্পোর্টস একাডেমি, যার নেতৃত্বে আছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা ও সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। থাইল্যান্ডের ব্যাংককে সম্প্রতি অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে ওয়ারিয়র স্পোর্টস একাডেমির অনূর্ধ্ব-১৪ দলটি দুর্দান্ত পারফর্ম করে চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশি কিশোররা টুর্নামেন্টজুড়ে থাইল্যান্ড ও ফিলিপাইনের বিভিন্ন আন্তর্জাতিক স্কুল ও একাডেমিকে হারিয়েছে। ফাইনালে তারা ব্যাংকক একাডেমিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে, যা দেশের ফুটবলের জন্য এক গৌরবময় অর্জন।
বিদেশের মাটি থেকে এ সাফল্য ছিনিয়ে আনা সম্ভব হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রয়্যাল অরেঞ্জ ও ওয়ারিয়র স্পোর্টস একাডেমির যৌথ অংশীদারত্বে। তাদের সহযোগিতায় প্রথমবারের মতো একাডেমি দলটি বিদেশের কোনো টুর্নামেন্টে অংশ নেয় এবং তরুণ খেলোয়াড়রা বৈশ্বিক মঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণেরও সুযোগ পায়।
সফরটিকে সফল করতে সহায়তা করেছে ‘বিট্র্যাক সলিউশন, কাজী এগ্রো ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (অফিশিয়াল এয়ারলাইন পার্টনার)।
বর্তমানে ভুটানের নারী লিগের দল পারো এফসিতে খেলা সাবিনা খাতুন তার একাডেমির এই সাফল্য নিয়ে বলেন, ‘এটি কেবল শুরু। আমাদের স্বপ্ন হলো বাংলাদেশি তরুণদের লালন-পালন করে তাদের আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের সুযোগ করে দেয়া। ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ভবিষ্যতেও তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়নে কাজ করবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা বহন করবে।’
সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একাডেমি অ্যক্রেডিটেশন স্কিমে ‘ওয়ান-স্টার’ স্বীকৃতি অর্জন করেছে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি, যা একাডেমিটির মান ও অগ্রগতির আরেকটি স্বীকৃতি।
থাইল্যান্ড সফরের এ সাফল্যের মাধ্যমে রয়্যাল অরেঞ্জ ও ওয়ারিয়র স্পোর্টস একাডেমি যুব উন্নয়নে তাদের প্রতিশ্রুতি আরো দৃঢ় করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।









