ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলংকার পর ষষ্ঠ দল হিসেবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড। আজ মঙ্গলবার সকালের ম্যাচে কানাডাকে ৮ উইকেটে হারিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটের টিকিট নিশ্চিত করে কিউইরা।
চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান তোলে কানাডা। যুবরাজ সিং সামরা ৬৫ বলে ১১ চার ও ৬ ছক্কায় ১১০ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি করেন। অধিনায়ক দিলপ্রিত বাজওয়া করেন ৩৯ বলে ৩৬ রান। ওপেনিং জুটিতে ১৪ ওভারে ১১৬ রান যোগ করেন এ দুজন। শেষ ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৭ রান তুলতে সমর্থ হয় দলটি। এরপরও পৌঁনে দুশ রানের পুঁজি পেয়ে যায় তারা।

যুবরাজ সিং সামরা। ছবি: এপি
১৯ বছর ১৪১ দিন বয়সে সেঞ্চুরি করে যুবরাজ এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সহযোগী কোনো দেশের প্রথম সেঞ্চুরিয়ান। পাকিস্তানের আহমেদ শেহজাদের রেকর্ড ভেঙে তিনি এখন এই টুর্নামেন্টের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানও। পেছনে ফেলেছেন ওয়ানডে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান পল স্টার্লিংকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ধরনের বিশ্বকাপ মিলিয়ে এখন কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান কানাডার যুবরাজ সিং সামরা। চলতি বিশ্বকাপে এটা দ্বিতীয় সেঞ্চুরি। সোমবার প্রথম সেঞ্চুরি করেন শ্রীলংকার পাথুম নিশাঙ্কা।
যদিও তার সেঞ্চুরিটা বিফলেই যায়। ১৭৪ রান তাড়া করতে নেমে ৩০ রানের মধ্যে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনকে হারায় নিউজিল্যান্ড। এরপর গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর নির্দয় ব্যাটিং কানাডার জয়ের স্বপ্ন নস্যাৎ করে দেয়। ফিলিপস ৩৬ বলে ৭৬ ও রাচিন ৩৯ বলে ৫৯ রান করেন। তাদের দাপটে ১৫.১ ওভারের মধ্যেই জয় নিশ্চিত করে ফেলে নিউজিল্যান্ড। এই জয় তাদের পৌঁছে দেয় সুপার এইট পর্বে।









