বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের মেয়াদ বাড়ানো হয়েছে। শনিবার বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

লিটন দাসের মেয়াদ ছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত ওই আসরে খেলতে যায়নি বাংলাদেশ। লিটনকে ২০২৮ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেয়া হয়েছে গতকালের সভায়। তার সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সাইফ হাসান।

litton 04

লিটন দাস

ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের সঙ্গে সহ-অধিনায়ক করা হয়েছে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনকে, যিনি ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। তাদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেয়া হয়েছে।

অনেক বছর ধরে বন্ধ থাকা ক্রিকেটার ও সাংবাদিকদের জন্য অ্যাওয়ার্ড নাইট পুনরায় চালুরও আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি। এছাড়া, বিদেশে যাওয়ার জন্য এখন থেকে ক্রীড়া সাংবাদিকদের স্কলারশিপ দেবে তারা।

462290084_995030162635484_6663424123121672901_n

মেহেদী হাসান মিরাজ

সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, ‘আমাদের টি-টোয়েন্টি অধিনায়কের মেয়াদ শেষ হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাথে সাথে। টি-টোয়েন্টি অধিনায়ক ও সহ-অধিনায়ক (সাইফ হাসান) যারা ছিলেন, তারাই চালিয়ে যাবেন পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত, যেটা ২০২৮ সালে হবে। পাশাপাশি আমাদের ওয়ানডে অধিনায়কের মেয়াদ শেষ হওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে। আমরা মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ যেন অধিনায়করা নিরবচ্ছিন্নভাবে তাদের কাজ করতে পারে এবং দীর্ঘমেয়াদে একটা ভিশন নিয়ে কাজ করতে পারে।’

মিরাজকে নিয়ে তিনি আরো বলেন, ‘মিরাজ যেহেতু বছরখানেকের মতো হয়ে গেছে, তার একটা ভিশন আছে এবং বিশ্বকাপ যেহেতু এখনো অনেক সময় বাকি আছে, আমরা ভেবেছি যে, ওকে যদি একটু সময় দেওয়া যায়, ও সুন্দর করে গোছাতে পারবে দলকে। আমার ধারণা মিরাজ ভালো করছে এবং আমাদের দলও ভালো পারফর্ম করেছে।’