২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দ্রুতই আগামী চার বছরের সফরসূচি প্রকাশ করবে সংস্থাটি। ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এফটিপির (২০১৮-২৩) তুলনায় সামনের এফটিপিতে ১৫ শতাংশ টেস্ট, ১৬ শতাংশ ওয়ানডে এবং ৬ শতাংশ টি২০ ম্যাচ বেশি রাখা হয়েছে। এমন ঠাসা সূচির সঙ্গে আছে ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন লিগ। চলতি এফটিপিতে ফ্র্যাঞ্চাইজি লিগ যা ছিল, আগামীতে তা আরো বাড়বে। এতদিন ছিল আইপিএল, পিএসএল, বিপিএল, সিপিএল, বিবিএল, এলপিএল, টি২০ ব্লাস্ট, টি১০, আফগান লিগ ও দ্য হান্ড্রেডের মতো লিগগুলো। নতুন করে ২০২৩ সালে আরব আমিরাতে আইএলটি২০ ও দক্ষিণ আফ্রিকায় টি২০ লিগ অনুষ্ঠিত হবে। ফলে প্রতিনিয়ত খেলার সংখ্যা বাড়ছে, যার ধকল যাচ্ছে খেলোয়াড়দের ওপর দিয়ে। কিছু লিগে আবার বাড়ছে দল, ফলে ম্যাচের সংখ্যাও বাড়ছে। প্রায় প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে লিগগুলো। এর মধ্যে আছে আবার ঘরোয়া লিগও।

সম্প্রতি ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলে এ নিয়ে অনেক কথা হয়। অবসরের পর তিনি বলেছিলেন, আমরা গাড়ি নই যে তেল দিলেই চলব।

এ কথায় বোঝা যায়, খেলোয়াড়রা ক্লান্ত। অবসরের কিছুদিন আগেই মানসিক অবসাদে কয়েক মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। এর আগে ম্যাক্সওয়েলের ক্ষেত্রেও এমনটা হয়েছিল।