টেস্ট সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারানো শ্রীলংকা এবার ওয়ানডে সিরিজেও শুভসূচনা করল। কলম্বো টেস্টের মতোই প্রথম ওয়ানডে ম্যাচেও বাংলাদেশকে বিধ্বস্ত করেছে সিংহলিজরা। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে ২৪৫ রান তাড়া করতে নেমে ১ উইকেটে ১০০ রান তুলে নিয়ে জয়ের পথেই ছিল বাংলাদেশ। এরপর লংকান ঘূর্ণিতে এলোমেলো সফরকারীরা। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসে অতিথিরা। শেষ দিকে জাকের আলীর লড়াকু ফিফটিতে দেড়শ পেরোতে পারলেও হার এড়ানো যায়নি। ৩৫.৫ ওভারে ১৬৭ রানে গুটিয়ে গিয়ে বাংলাদেশ হেরেছে ৭৭ রানের ব্যবধানে।
লংকান স্পিনে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। ২৭ বছর বয়সী লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৭.৫ ওভারে মাত্র ১০ রানের খরচায় নেন ৪ উইকেট। উভয় হাতে স্পিন করতে সমর্থ কামিন্দু মেন্ডিস ৩ উইকেট নেন ১৯ রানের বিনিময়ে।
দলীয় ২৯ রানে ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারায় বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্তকে (২৬ বলে ২৩) নিয়ে ৭১ বলে ৭১ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগান তানজিদ। এরপর ঠিক ১০০ রান থেকে বিপর্যয়ের শুরু। প্রথমেই শান্তর রানআউট। মিলান রত্নায়েকের থ্রোতে বল পেয়ে বিদ্যুৎ গতিতে স্টাম্প ভেঙে দেন কুশল মেন্ডিস। বেল পড়ার মুহূর্তেই শান্ত লাইন ছুঁয়েছেন। যদিও সিদ্ধান্ত তার পক্ষে যায়নি।
এরপর ৫ রানের মধ্যে আরো ৬ উইকেট হারায় বাংলাদেশ। এ ৬ উইকেটই নেন হাসারাঙ্গা ও কামিন্দু। মাঝে মহিশ থিকসানা নেন ১টি উইকেট। শেষ দিকে ৬৪ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৫১ রানের লড়াকু এক ইনিংস খেলে হারের ব্যবধান কমান জাকের আলী। এর আগে ওপেনার তানজিদ ৬১ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬১ রান করেন।
এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলংকা। শনিবার একই মাঠে দ্বিতীয় ও মঙ্গলবার পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ম্যাচ। শ্রীলংকার মাটিতে কখনো ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের।
চলতি বছর ওয়ানডেতে জয়হীন বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে যায় শান্তর দল। এবার ওয়ানডে দলে নেতৃত্বে এসেছে পরিবর্তন। শান্তর জায়গায় অধিনায়ক করা হয়েছে মিরাজকে। তাতে ফলাফলে পরিবর্তন আসেনি।
ওয়ানডেতে ৫৮ ম্যাচের মুখোমুখিতে লংকানরা ৪৪টিতে জিতেছে, বাংলাদেশ জিতেছে ১২টি। এটা দুই দলের একাদশতম সিরিজ। শ্রীলংকা ছয়টি ও বাংলাদেশ দুটি সিরিজে জিতেছে, বাকি দুটি সিরিজ ড্র হয়।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ৪৯.২ ওভারে ২৪৪/১০ (আসালঙ্কা ১০৬, কুশল ৪৫; তাসকিন ৪/৪৭, তানজিম ৩/৪৫)। বাংলাদেশ: ৩৫.৫ ওভারে ১৬৭/১০ (তানজিদ ৬১, জাকের ৫১, শান্ত ২৩; হাসারাঙ্গা ৪/১০, কামিন্দু ৩/১৯)। ফল: শ্রীলংকা ৭৭ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: কামিন্দু মেন্ডিস (শ্রীলংকা)। সিরিজ: তিন ম্যাচ সিরিজে শ্রীলংকা ১-০-তে এগিয়ে।









