বাংলাদেশের এক ডজনেরও বেশি নারী ফুটবলার বর্তমানে ভুটানে রয়েছেন। তারা ভুটানের লিগে খেলছেন বিভিন্ন দলের হয়ে। ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র, তহুরা খাতুন, মারিয়া মান্দা, মাসুরা পারভিন, শাহেদা আক্তার রিপা বর্তমানে ভুটানের ক্লাবে খেলেন। এবার ভুটান গেলেন জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার ও মিডফিল্ডার স্বপ্না রানী। তারা দুজন এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব খেলবেন রয়্যাল থিম্পু কলেজ উইমেনস ফুটবল ক্লাবের হয়ে।
দুজন এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের খেলা হবে লাওসে, যেখানে সদ্যই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। বাছাইপর্বে লাওস ও পূর্ব তিমুরকে হারিয়ে মূল পর্বের টিকিট পায় বাংলাদেশ। ওই দলটির অন্যতম সদস্য ছিলেন আফঈদা ও স্বপ্না। তারা গত জুন-জুলাইয়ে মিয়ানমারে সিনিয়র দলকেও এশিয়া কাপে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আফঈদা ও স্বপ্না জাতীয় দলের সতীর্থ তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপার সঙ্গে যোগ দেবেন রয়্যাল থিম্পু কলেজ উইমেনস ফুটবল ক্লাবে। চলমান ভুটান ন্যাশনাল লিগে ভুটানি দলের হয়ে খেলছেন এই তিন জন।
‘ডি’ গ্রুপে রয়্যাল থিম্পু কলেজ মুখোমুখি হবে চায়নিজ তাইপের কাওসিউং অ্যাটাকার্স এফসি (২৫ আগস্ট), দক্ষিণ কোরিয়ার নায়েগোইয়াং এফসি (২৮ আগস্ট) ও লাওসের মাস্টার এফসি (৩১ আগস্ট) ক্লাবের।
গত মৌসুমে বাংলাদেশের মনিকা চাকমা, মারিয়া মান্দা ও সাবিনা খাতুন রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলেছেন। এই বছর মনিকা ও সাবিনা খেলছেন পারোর হয়ে, মারিয়ার দল থিম্পু সিটি।









