আগামীকাল রোববার হোটেল র‍্যাডিসন ব্লুতে ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় নিলাম। যদিও এ নিলামে থাকছে না এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দীন বাবুর নাম। ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে তাদের নিলাম থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুধু তারাই নন, সব মিলে অন্তত ১০ থেকে ১২ জন ক্রিকেটারের নাম বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দিয়েছে বিসিবি। এর মধ্যে রয়েছেন তারা তিনজন। ফলে আসন্ন বিপিএলে খেলা হচ্ছে না অভিযুক্ত এসব ক্রিকেটারের।

প্রাথমিকভাবে খসড়া তালিকায় অভিযুক্ত ক্রিকেটারদের নাম অন্তর্ভুক্ত থাকলেও দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের দেয়া সুপারিশ ছিল অভিযুক্তদের যেন নিলামে না রাখা হয়। তারই পরামর্শে বিপিএল গভর্নিং কাউন্সিল নিলামের তালিকা থেকে তাদের নাম তুলে নিয়েছে।

খানিকটা পিছিয়েছে বিপিএল। ১৭ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার হওয়ার কথা থাকলেও এখন তা হবে ২৪ ডিসেম্বর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচ ১৯ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর। তার আগেই কাল নিলাম থেকে দল গুছিয়ে নেবে আসরে অংশ নিতে যাওয়া ছয়টি ফ্র্যাঞ্চাইজি।