মেজর লিগ সকারে আজ কলোরাডো র্যাপিডসকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ের নায়ক লিওনেল মেসি। তিনি করেন জোড়া গোল। সমতায় থাকা ম্যাচের ৭৯ মিনিটে ডান প্রান্ত দিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়ে বাম পায়ের শটে দারুণ এক গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। জয়ের পর মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামির নতুন কোচ গিয়ের্মো হোয়োস।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ হোয়োস বলেন, ‘মেসিই সেরা খেলোয়াড়। মাঠে বিশ্বের সেরা কোচ সে। আমরা ইতিহাসের সেরা খেলোয়াড়কে পেয়েছি যে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। আমাদের কাছে জাদু আছে যা ঈশ্বর দিয়েছেন ১০ নম্বর জার্সিতে।’
হেড কোচ হাভিয়ের মাচশচেরানোর বিদায়ের পর এটাই ছিল ইন্টার মায়ামির প্রথম ম্যাচ এবং এই জয়টা মায়ামি ম্যানেজমেন্টের জন্য চরম স্বস্তির। ড্রেসিংরুমের গুমোট পরিবেশের জন্যই মাশচেরানো বিদায় নিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তবে গিয়ের্মো তার পূর্বসুরির প্রতি সম্মানই দেখালেন। তিনি বলেন, ‘আগে যে কাজগুলো করা হয়েছে তারই ধারাবাহিকতা হলো এই ফল। এই দলটা মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন, একটা নিখাঁদ দল। এটা বড় বড় ক্লাবের সঙ্গে খেলে থাকে।’









