দিল্লিতে আজ রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। এ ম্যাচে অধিনায়ক সিকান্দার রাজার রাজসিক ব্যাটিংয়ে প্রোটিয়াদের ১৫৪ রানের টার্গেট ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে। রাজা ৪৩ বলে ৭৩ রানের ঝলমলে ইনিংস খেলেন।

ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়া জিম্বাবুয়ে ছিটকে পড়েছে সেমিফোইনালের রেস থেকে। আজ জিতলেও সেমিতে ওঠা হবে না। তবে সামগ্রিকভাবে বিশ্বকাপের পজিশন আর গৌরবের জন্য অবশ্যই জিততে চাইবেন রাজারা। এ ম্যাচে ২৮ রানে ২ উইকেট হারানোর পর দলকে টানেন রাজা। ডিওন মায়ার্সকে নিয়ে ২৩ বলে ৩৮ রান যোগ করেন তিনি। ডিওন ১৬ বলে ১১ রান করে বিদায় নেন। এরপর রায়ান বার্ল (৫) ও টনি মুনিয়ঙ্গা (২) দ্রুত বিদায় নেন। ষষ্ঠ উইকেটে ক্লাইভ মাদান্দেকে (২০ বলে ২৬) নিয়ে ২৯ বলে ৩৯ রান যোগ করে বিদায় নেন রাজা।

রাজা ৮ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭৩ রান করেন। চলতি আসরে ১৬৪.৮০ স্ট্রাইক রেটে ২০৬ রান করলেন তিনি।

কেওয়েনা মাফাখা ও করবিন বশ উভয়ই দুটি করে উইকেট নেন।

দক্ষিণ আফ্রিকা টানা দুই জয়ে উঠে গেছে সেমিফাইনালে। আজ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। তখন সেমিতে পাবে নিউজিল্যান্ডকে।