এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হতে যাওয়া এ ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৮০ সালের পর দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের রেসে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই। কঠিন এ লড়াইয়ে জিততে বাংলাদেশের বড় ভরসার নাম ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী।
সৌদি আরবে অনুষ্ঠেয় ২০২৭ সালের এশিয়ান কাপে লড়বে ২৪টি দেশ। এরই মধ্যে ১৮টি দেশের এশিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে। বাকি ৬টি দেশ মূল পর্বে উঠবে বাছাইপর্ব খেলে।
২৪টি দল বাছাইপর্বে লড়াই করছে, যাদের ছয়টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রতি গ্রুপের শীর্ষ দল উঠে যাবে এশিয়ান কাপে।
চার দলের ‘সি’ গ্রুপে বাংলাদেশ দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছে। গত মার্চে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র ও জুনে ঢাকায় ২-১ গোলে সিঙ্গাপুরের কাছে হেরেছে হাভিয়ের কাবরেরার দল। সিঙ্গাপুর ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে, সমান পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং। আজ জিতলে হংকংয়ের পয়েন্ট হবে ৭, বাংলাদেশের থাকবে ১। আর যদি বাংলাদেশ জিততে পারে তাহলে তাদের হবে ৪ পয়েন্ট। আজ ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে ভারত নিজেদের মাঠে মুখোমুখি হবে সিঙ্গাপুরের। ভারতের সংগ্রহ পয়েন্ট ১। বাংলাদেশের মতো ভারতও জিততে মরিয়া।
একে অপরের সঙ্গে দুবার করে (হোম ও অ্যাওয়ে) খেলবে। ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে খেলবে বাংলাদেশ। এছাড়া ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে ও ২০২৬ সালের ৩১ মার্চ সিঙ্গাপুরের মাঠে খেলবেন হামজা চৌধুরী ও জামাল তপু বর্মনরা।
১৯৮০ সালে কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান কাপে খেলেছে বাংলাদেশ। এরপর আর এশিয়ার মঞ্চে সুযোগ মেলেনি। সম্প্রতি বাংলাদেশের মেয়েরা ২০২৬ সালের এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে। পরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলও এশিয়ান কাপের টিকিট পেয়ে ইতিহাস গড়ে। মেয়েদের সাফল্যে উজ্জীবিত হয়ে হামজারাও কি পারবেন দেশকে এশিয়ান কাপে নিয়ে যেতে?









