দিল্লিতে আজ রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক সিকান্দার রাজার রাজসিক ব্যাটিংয়ে প্রোটিয়াদের ১৫৪ রানের টার্গেট ছুড়ে দেয় জিম্বাবুয়ে। এই রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।
১৪ রানে ২ উইকেট এবং ষষ্ঠ ওভারে ৪৩ রানে ৩ উইকেটের পতন ঘটে প্রোটিয়াদের। এরপরও শেষ পর্যন্ত দাপুটে জয় পেয়েছে তারা। মূলত মাঝের ওভারগুলোতে বিস্ফোরক ব্যাটিং ব্যবধান গড়ে দেয়। রায়ান রিকেলটন ২২ বলে ৪ ছক্কায় ৩১, ডেভাল্ড ব্রেভিস ১৮ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৪২, ডেভিড মিলার ১৬ বলে ২২ ও জর্জ লিন্ডে ২১ বলে ৩০ রান করে দলকে জেতান।
এর আগে জিম্বাবুয়ে ২৮ রানে ২ উইকেট হারানোর পর দলকে টানেন রাজা। ডিওন মায়ার্সকে নিয়ে ২৩ বলে ৩৮ রান যোগ করেন তিনি। ডিওন ১৬ বলে ১১ রান করে বিদায় নেন। এরপর রায়ান বার্ল (৫) ও টনি মুনিয়ঙ্গা (২) দ্রুত বিদায় নেন। ষষ্ঠ উইকেটে ক্লাইভ মাদান্দেকে (২০ বলে ২৬) নিয়ে ২৯ বলে ৩৯ রান যোগ করে বিদায় নেন রাজা। রাজা ৪৩ বলে ৮ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭৩ রান করেন। চলতি আসরে ১৬৪.৮০ স্ট্রাইক রেটে ২০৬ রান করেছেন তিনি। কেওয়েনা মাফাখা ও করবিন বশ উভয়ই দুটি করে উইকেট নেন।
ব্যাট হাতে বীরত্বের পর বল হাতে ২৯ রানে ৩ উইকেট নিয়ে পরাজিত দল থেকে ম্যাচসেরা হন সিকান্দার রাজা।
বুধবার কলকাতায় প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। পরদিন মুম্বাইতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ কিংবা ভারত।









