ইতালির একেবারেই অভ্যন্তরে অবস্থিত ইউরোপের ছোট্ট দেশ সান মারিনোর মাঠে আজ ঐতিহাসিক ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ সময় রাত ১১টায় সেরাভেলির সান মারিনো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশের জন্য এটি ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে এটাই প্রথম ম্যাচ। আবার এশিয়ার কোনো দেশের বিপক্ষে এটি হবে সান মারিনোর প্রথম ম্যাচ।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলকে সমীহ করার কথা জানিয়েছেন সান মারিনোর হেড কোচ রবার্তো সেভোলি ও ফরোয়ার্ড ফিলিপ্পো ভার্দে।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ ৩০ ধাপ এগিয়ে থাকলেও সান মারিনোর রয়েছে ইউরোপের বড় দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা। দলটির কোচ রবার্তো সেভোলি বাংলাদেশ দল নিয়ে বলেছেন, বাংলাদেশ দলে কয়েকজন দ্রুতগতির খেলোয়াড় রয়েছে। বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে খুবই ভালো।
লাদেশ দলে সম্প্রতি আসা কোচিং পরিবর্তন নিয়েও কথা বলেন সেভোলি। দীর্ঘ সাড়ে তিন বছর স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে খেলার পর সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন নতুন কোচ থমাস ডুলি। এ প্রসঙ্গে সান মারিনো কোচ বলেন, ‘বাংলাদেশে নতুন কোচ এসেছেন। নিশ্চয়ই তিনি নতুন কিছু করার চেষ্টা করবেন।’
স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশিদের সম্ভাব্য জোরালো উপস্থিতি নিয়ে রবার্তো সেভোলি জানান, ইউরোপের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক ম্যাচ ঘিরে গ্যালারিতে অনেক প্রবাসী আসবেন এবং তাদের অনুভূতি ভিন্ন থাকবে। তবে সান মারিনোর দৃষ্টিকোণ থেকে মাঠের খেলায় এর কোনো প্রভাব পড়বে না।









