সংযুক্ত আরব আমিরাতে চলতি ১৭তম এশিয়া কাপ ক্রিকেটে আজ পঞ্চম দিন মাঠে গড়াবে সবচেয়ে বড় ম্যাচ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

বৈশ্বিক মঞ্চ কিংবা এশিয়া কাপে ভারত-পাকিস্তান ঘিরে যে উন্মাদনা তৈরি হয়, এবার তা অনেকটাই অনুপস্থিত। সাম্প্রতিক যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে প্রবলভাবে। গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত হামলা চালায় পাকিস্তানে। দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। রাজনৈতিক কারণে প্রায় দুই দশক ধরে দুই দেশ এমনিতেই বড় আসর ছাড়া মুখোমুখি হচ্ছে না। এবার সেটিও পড়ে যায় অনিশ্চয়তার মুখে। যদিও বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত দুই দলকে খেলতে হচ্ছে। আজ একে অন্যকে হারানোর তাড়নাও হয়তো থাকবে, তবে আগের মতো সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার ঘাটতি চোখে পড়ার মতো।

সূর্যকুমার যাদব, শুবমান গিলদের চোখ মূলত আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেটি অনুষ্ঠিত হবে তাদের নিজেদের মাঠে। তাই চলতি এশিয়া কাপের শিরোপা জিতে নিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে রাখতে চান সূর্যকুমাররা। পাকিস্তানও চাইবে ভারতের সঙ্গে জয়-পরাজয়ের ব্যবধান কমিয়ে আনতে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এশিয়া কাপে মোট ১৬ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে ভারত ১০টিতে ও পাকিস্তান ছয়টিতে জিতেছে। এছাড়া ভারত ও পাকিস্তান মোট ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত নয়টিতে জিতেছে, হেরেছে তিনটিতে, বাকি ম্যাচটি টাই হয়।

দুই দলের সর্বশেষ লড়াইটা ছিল গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। লো-স্কোরিং ম্যাচে ভারত জয়লাভ করে। নিউইয়র্কে আগে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে মাত্র ১১৯ রান তুলতে সমর্থ হয় ভারত। জবাব দিতে নেমে পাকিস্তান পুরো ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে মাত্র ১১৩ রান তুলতে সমর্থ হয়। এক বছর তিন মাস পর আবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এবার এশিয়া কাপের মঞ্চে, তবে ফরম্যাট একই।

পাকিস্তান দলে বড় পরিবর্তন। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো তারকাকে বাদ দিয়ে একঝাঁক নতুন মুখ নিয়ে এসেছে পিসিবি। এ দলে আছেন সাইম আইয়ুব, আবরার আহমেদ, হাসান নওয়াজ। বিপরীতে শক্তিশালী দল নিয়ে এশিয়া কাপ খেলতে এসেছে এশিয়া কাপের ‘রাজা’ ভারত। শুবমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া থাকছেন ভারতের একাদশে। জশপ্রীত বুমরার মতো ভয়ংকর পেসার তো আছেনই, সেই সঙ্গে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে পারেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর মতো স্পিনার।

টি-টোয়েন্টি থেকে প্রায় এক বছর বাইরে থাকার পর এশিয়া কাপের দলে ফিরেছেন ভারতের টেস্ট অধিনায়ক গিল। ২০২৪ সালের জুলাইয়ে সর্বশেষ ভারতের জার্সিতে টি-টোয়েন্টি খেলেন তিনি। সম্প্রতি ইংল্যান্ড সফরে পাঁচ টেস্ট সিরিজে ৭৫৪ রান করে ভারতকে ২-২-এ সিরিজ ড্র করতে সাহায্য করেন তিনি। এবার টি-টোয়েন্টি দলে ফিরলেন সহ-অধিনায়ক হয়ে।

ভারত নিজেদের প্রথম ম্যাচে গুঁড়িয়ে দেয় আরব আমিরাতকে। স্বাগতিকদের ৫৭ রানে অলআউট করার পর মাত্র ২৭ বলে জয় তুলে নেয় তারা। সালমান আগার পাকিস্তান প্রথম ম্যাচে ৯৩ রানে হারায় ওমানকে। বাংলাদেশের মাটিতে সিরিজ হেরে যাওয়ার পর আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজটা জিতেছে পাকিস্তান। এবার শক্তিশালী ভারতকে কি চ্যালেঞ্জ জানাতে পারবেন শাহিন শাহ আফ্রিদিরা?

চলতি এশিয়া কাপে আজই দু দলের শেষ লড়াই না-ও হতে পারে। দুই দল সুপার ফোরে উঠলে আরেকবার এবং ২৮ সেপ্টেম্বরের ফাইনালে গেলে সেখানেও আরেকবার লড়াই হবে।

দুবাই ইন্টারন্যাশাল স্টেডিয়ামে চিরাচরিতভাবে স্পোর্টিং উইকেট হয়ে থাকে, যেখানে উভয় দলের বোলার ও ব্যাটাররা সুবিধা পান। শুরুতে ভালো বাউন্স ও ক্যারি থাকে, যদিও ধীরে ধীরে বল স্লো হতে থাকে।

এশিয়া কাপ মানেই ভারতের আধিপত্য। ১৬ বারের আসরে সর্বোচ্চ ৮ বার শিরোপা জিতেছে ভারত। এছাড়া শ্রীলংকা ৬ বার ও পাকিস্তান দুবার শিরোপা জিতেছে। ২০১৬ সাল থেকে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়ে আসছে এশিয়া কাপ। ২০২২ সালে সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ জিতেছিল শ্রীলংকা। ২০২৩ সালের ওয়ানডে ফরম্যাটের আসরে শ্রীলংকাকে গুঁড়িয়ে শিরোপা জিতে নেয় ভারত।