জাপানে চলমান ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আজ সোমবার দিনের চমক আরমান্ড ‘মন্ডো’ ডুপ্লান্টিস। ২৫ বছর বয়সী সুইডিশ পোলভল্টার ১৪তম বারের মতো বিশ্বরেকর্ড ভেঙে তৃতীয়বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে নিয়েছেন। তিনি আজ সোমবার জাপানের টোকিওতে ৬.৩০ মিটার (প্রায় ২০ ফুট ৮ ইঞ্চি) উঁচুতে লাফিয়ে রেকর্ড গড়ার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বেড়ে উঠলেও মায়ের জন্মভূমি সুইডেনের হয়ে খেলেন ডুপ্লান্টিস। আজ টানা ৪৯তম প্রতিযোগিতায় শিরোপা জিতলেন, যা বড় আসরে তার টানা পঞ্চম মুকুট। টানা দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন তিনি।

আজ দুবার ব্যর্থ হওয়ার পর তৃতীয় চেষ্টায় বিশ্বরেকর্ড গড়েন ডু্প্লান্টিস। আগের বিশ্বরেকর্ড ছিল ৬.২৮ মিটার। ২০১৭ সালে ৬.১৭ মিটার উঁচুতে লাফিয়ে প্রথমবার রেতর্ড ভাঙেন তিনি। সেবার তিনি ফ্রান্সের অলিম্পিক চ্যাম্পিয়ন রেনো লাভিলেনিকে হারান। এরপর আর পেছন ফিরে তাকাননি।

আজ জয় পাওয়ায় ৭০ হাজার ডলার ও রেকর্ড গড়ায় ১ লাখ ডলার বোনাস পাবেন ডুপ্লান্টিস।

গ্রিসের এমানুয়েল কারালিস রৌপ্য ও অস্ট্রেলিয়ার কার্টিস মার্শাল ব্রোঞ্জ জিতেছেন।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আজ মেয়েদের ১০০ মিটার হার্ডলসে সুইজারল্যান্ডের দিতাজি কাম্বুন্দজি, ছেলেদের ৩ হাজার মিটার স্টিপলচেজে নিউজিল্যান্ডের গোর্ডি বিয়ামিস, মেয়েদের হ্যামার নিক্ষেপে কানাডার কামরিন রজার্স ও ছেলেদের ম্যারাথনে তাঞ্জানিয়ার আলফনসো ফেলিক্স সিম্বু স্বর্ণ জয় করেন।