স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মুশফিক, শান্তদের প্রথম টেস্ট ডারউইনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় শুরু হবে।

দীর্ঘ দুই যুগ পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নামা বাংলাদেশ দল পড়তে যাচ্ছে কঠিন চ্যালেঞ্জের মুখে। সম্প্রতি ডারউইনে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে গুটিয়ে গিয়ে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ওই হারটি নাজমুল হোসেন শান্তদের দাঁড় করিয়েছে কঠিন বাস্তবতার সামনে। বৈরী কন্ডিশনে বিশ্বের শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে টিকে থাকার কঠিন চ্যালেঞ্জ তাদের সামনে।

আগামী ১২ মাসের মধ্যে ২০টি টেস্ট খেলার মিশনে নামছে অজিরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠলে তাদের খেলতে হবে ২১টি টেস্ট। এ মিশনে তাদের সামনে প্রথমেই বাংলাদেশ।

স্বাগতিকদের একাদশে থাকবেন প্যাট কামিন্স (৩৩), জস হ্যাজেলউড (৩৫), মিচেল স্টার্ক (৩৬) ও স্কট বোল্যান্ডের (৩৭) মতো গতি বোলার। সেই সঙ্গে স্পিনার নাথান লায়নও চোখ রাঙাবেন।

এখন পর্যন্ত ছয়টি টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে তিনটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২০০৩ সালে ডারউইনে ইনিংস ও ১৩২ রানে এবং কেয়ার্নসে ইনিংস ও ৯৮ রানে হেরেছে তারা। সেই ডারউইনে এবার কী পুনরাবৃত্তি নাকি অজিদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে সমর্থ হবে বাংলাদেশ দল?

এ টেস্ট খেলতে নামার আগে অজিরা অবশ্য ভীষণ উজ্জীবিত। এ বছরের শুরুর দিকে অ্যাশেজে সফরকারী ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেয় তারা। এবার সামনে র‍্যাংকিংয়ের ৪ নম্বর দল বাংলাদেশ।

সর্বশেষ অ্যাশেজে পার্থ ও মেলবোর্ন টেস্ট শেষ হয়ে গিয়েছিল দুইদিনেই। বাংলাদেশের বিপক্ষে টেস্টে তেমন কিছু হবে না বলেই আশা মারারা স্টেডিয়ামের প্রধান কিউরেটর জ্যাক পাভলিচের। তিনি বলেন, ‘আমরা কখনই দুইদিনে টেস্ট শেষ হোক, তা চাইব না। তবে সত্যি বলতে, এটি আমাদের হাতেও নেই। আমরা শুধু উইকেট প্রস্তুত করি, আর বাকি কাজটা খেলোয়াড়দের।’