এ মাসেই নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হিসেবে তিনি প্রথম দল পেলেন আজই। দুপুরে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। এ দলে আছেন ওপেনিং ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ, যিনি প্রায় দুই বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দল ঘোষণা করেন।

২ জুলাই শুরু হবে তিন ওয়ানডে সিরিজ, যাতে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিরাজ, যা এই সংস্করণে দায়িত্ব পাওয়ার পর তার প্রথম সিরিজ।

নাঈম শেখ গত এপ্রিলে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১১ ম্যাচ খেলে ৬১৮ রান করেন। এবারের আসরে রান তোলায় তিনি ছিলেন তিনে। নাঈমকে জায়গা দেয়া হয়েছে বামহাতি ব্যাটার সৌম্য সরকারের জায়গায়। সৌম্য পিঠের পুরোনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে রাখা হয়নি বলে জানান প্রধান নির্বাচক।

শ্রীলংকার বিপক্ষে বর্তমানে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। গলে প্রথম টেস্ট ড্র হয়। ২৫ জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর ২ জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে ৫ জুলাই দ্বিতীয় ওয়ানডে এবং ৮ জুলাই পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলনায়ক লিটন দাস। তিন ফরম্যাটে তিন অধিনায়ক নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলকে।

শ্রীলংকায় ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।