নেপাল-ভুটান ম্যাচ দিয়ে আজ সন্ধ্যায় শুরু হচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। আগামীকাল বুধবার সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালদ্বীপ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।


এবার সাত দলের আসরটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। এই আসরে শিরোপা জয়ের আশা বাংলাদেশ কোচের। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, মেয়েরা ধীরে ধীরে উন্নতি করছে। তারা বয়সভিত্তিক বেশ কয়েকটি শিরোপা জিতেছে। আশাকরি, এই টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই তারা খেলবে। আপাতত আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যাওয়া। এভাবেই আমরা ফাইনালে উঠতে চাই।


প্রথম ম্যাচ সামনে রেখে আজ দশরথ স্টেডিয়ামের পাশে আর্মি হেডকোয়ার্টার মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচ নিয়ে কোচ বলেন, প্রথম ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ হবে, কারণ সাফ চ্যাম্পিয়নশিপে সব সিনিয়র খেলোয়াড়রাই খেলে থাকেন।


এটি নারী সাফ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর। সাফের আগের সবকটি আসরেই শিরোপা জিতেছে ভারত। সাফে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন রানার্সআপ ট্রফি। ২০১৬ সালের আসরে ভারতের কাছে ১-৩ গোলে হেরেছিলেন সাবিনা খাতুনরা। ভারতের কর্তৃত্বের অবসান ঘটিয়ে এবার কি শিরোপা নিয়ে দেশে ফিরতে পারবেন বাংলাদেশের মেয়েরা?