আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে না খেলে শ্রীলংকায় কিংবা অন্য কোথাও সরিয়ে নেয়ার আবেদন জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তার যে জবাব এসেছে তা নিয়ে রীতিমতো বিস্মিত দেশের ক্রীড়াঙ্গন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ সোমবার জানিয়েছেন, ঝুঁকি এড়াতে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ দল গঠনের পরামর্শ দিয়েছে আইসিসি।
আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে সংবাদ সম্মেলনে আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশকে তিনটি পরামর্শ দিয়েছে আইসিসির সিকিউরিটি টিম। এগুলো হলো—মুস্তাফিজকে বাদ দিয়ে দল গঠন, বাংলাদেশি সমর্থকদের বাংলাদেশের জার্সি ও পতাকা নিয়ে ঘোরাফেরায় সতর্কতা এবং ভোট যত ঘনিয়ে আসবে ভারতে খেলা ততই ঝুঁকিপূর্ণ।
আইসিসির এমন পরামর্শকে ‘উদ্ভট’ ও ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।’
সম্প্রতি ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে বাদ দিয়েছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। এতে ক্ষুব্ধ হয় বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে বিসিবি চিঠি লিখে আয়োজক সংস্থা আইসিসিকে জানিয়ে দেয়, নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলবে না বাংলাদেশ দল। ৯-১০ দিনের অচলাবস্থার অবসান এখনো হয়নি।
ক্রীড়া উপদেষ্টা একাধিকবার বলেছেন, কোনোভাবেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ দল। যদিও আইসিসি কোনো সুখবর দেয়নি বিসিবিকে। এদিকে, বাংলাদেশের জন্য কলকাতা ও মুম্বাই বাদ দিয়ে চেন্নাই ও কেরালার বিকল্প ভেন্যুর চিন্তা করছে অন্যতম আয়োজক দেশ ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, তারা এ ভেন্যু নিয়ে আইসিসির কাছ থেকে সুনির্দিষ্ট কোনো নিদের্শনা পাননি। তিনি জানান, এ বিষয়টি কেবলই আইসিসি ও বিসিবির ব্যাপার।
বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলংকা। বাংলাদেশের চার ম্যাচের তিনটি কলকাতার ইডেন গার্ডেনসে, অন্যটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।








