বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম গোল করার পরই আবেগে ভেঙে পড়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কয়েক সেকেন্ড উল্লাসের পর মাথা নিচু করে চোখের পানি মুছতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে সেই কান্নার কারণও ব্যাখ্যা করেছেন মেসি।

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন মেসি। তবে গোলের পর তার আবেগঘন প্রতিক্রিয়া নিয়ে আলোচনার সৃষ্টি হয়। ম্যাচ শেষে তিনি জানান, কান্নার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক ছিল না।

মেসি বলেন, ‘হ্যাঁ, আমি কেঁদে ফেলেছিলাম। তবে ফুটবলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। গত কয়েকটা দিন খুব কঠিন ছিল। কঠিন সময় কাটিয়েছি। জটিল সময় কাটিয়েছি। সেগুলোই মনে পড়ছিল। ফুটবলের সঙ্গে কোনো সম্পর্ক নেই।’

তবে সেই কঠিন সময় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি আর্জেন্টাইন তারকা। বরং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সতীর্থদের প্রতি, যারা কঠিন সময়ে তার পাশে ছিলেন।

মেসি বলেন, ‘আমি গোটা দলের কাছে কৃতজ্ঞ। সতীর্থদের কাছে কৃতজ্ঞ। ওরা অনেক চেষ্টা করেছে আমাকে ভালো রাখার। ওদের এই সাহায্যের কথা ভুলব না।’

৩৯ বছর বয়সেও দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকটি ছিল বিশ্বকাপ মঞ্চে তার প্রথম হ্যাটট্রিক। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন তিনি খেলা উপভোগ করছেন এবং দলের সাফল্যের অংশ হতে পেরে আনন্দিত।

মেসির ভাষায়, ‘এখন খেলা উপভোগ করি। এটা কেকের ওপর চেরির মতো বিষয়। দুর্দান্ত একটা দলের হয়ে খেলতে পেরে আমি খুব খুশি। খেলা উপভোগ করছি।’

মেসির পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি ভাষা খুঁজে পাচ্ছি না। লিও-কে নিয়ে আর কী বলব। আমি বাকরুদ্ধ। ও দুর্দান্ত।’