কলম্বোয় আজ শুক্রবার রাতে সুপার এইটের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই ম্যাচে জিতলে ইংল্যান্ডের পর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে যাবে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে এবারের আসর থেকে বিদায় নেবে পাকিস্তান, যারা শনিবার পাল্লেকেলে স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হবে। আজ নিউজিল্যান্ড জিতলে পাকিস্তানের ম্যাচটি হয়ে পড়বে গুরুত্বহীন।
সুপার এইটের গ্রুপ-টু থেকে সবার আগে সেমিফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। তারা শ্রীলংকা ও পাকিস্তানকে টানা হারিয়েছে। আজ শেষ ম্যাচে তারা কিউইদের মুখোমুখি হবে। নিউজিল্যান্ড ২ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ৩ পয়েন্ট। আজ জিতলে তাদের হবে ৫ পয়েন্ট, যা ছোঁয়া পাকিস্তানের পক্ষে সম্ভব নয়। ২ ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়েছে পাকিস্তান, তা-ও বৃষ্টির কল্যাণে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
ভারতের কাছে হেরেও সুপার এইটে ওঠে পাকিস্তান। যদিও সুপার এইটে এসে সম্পন্ন হওয়া একমাত্র ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে স্রেফ উড়ে যায় সালমান আগার দল। আজ নিউজল্যান্ডের হারই তাদের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পারে। তবে এজন্য নিউজিল্যান্ডের হারের পর তাদের নিজেদেরও জিততে হবে শ্রীলংকার বিপক্ষে।
এদিকে, গ্রুপ-ওয়ান থেকে সবার আগে সেমিফাইনালে নাম লিখিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাকি টিকিটটা কার, সেটি জানা যাবে রোববার। ওইদিন বিকাল সাড়ে তিনটায় দক্ষিণ আফ্রিকা খেলবে বিদায় নেয়া জিম্বাবুয়ের সঙ্গে, আর সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ‘নকআউট’ ম্যাচ। উভয় দলের সংগ্রহ সমান ২ পয়েন্ট।
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় ২০টি দল, যারা ৪টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল নিয়ে গড়া হয় সুপার এইটের দুটি গ্রুপ। এবার সেমিফাইনাল ও ফাইনালের অপেক্ষা।









