ভারতের সঙ্গে প্রথম দেখায় হার ও ভুটানের সঙ্গে ড্র করায় আগেই নিশ্চিত হয়ে যায়, এবার সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা হচ্ছে না বাংলাদেশের। এরপরও শেষ ম্যাচে ‘চ্যাম্পিয়ন’ ভারতকে হারের স্বাদ দিল বাংলাদেশের কিশোরীরা। আজ থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ভারতকে ৪-৩ গোলে হারায় অর্পিতা বিশ্বাসের দল।

নেপালের বিপক্ষে হ্যাটট্রিক করা সৌরভী আকন্দ প্রীতি আজ জোড়া গোল করে জিতিয়েছেন বাংলাদেশকে। তাও একেবারে শেষ মুহূর্তে তিনি গোল করেন। প্রথম মিনিটে পুর্নিমা মারমার গোলে লিড নেয় বাংলাদেশ। নবম মিনিটে সমতা আনেন আনুষ্কা কুমারী। ৩৪ মিনিটে আলপি আক্তার আবার এগিয়ে দেন বাংলাদেশকে। ৪৯ মিনিটে প্রীতির গোলে ৩-১-এ এগিয়ে যায় বাংলাদেশ। ৬৫ মিনিটে প্রীতিকা বর্মন ও ৮৯ মিনিটে জুলন নংমাইথেনের গোলে সমতায় ফেরে ভারত।

ম্যাচটি যখন অমীমাংসিতভাবে শেস হতে যাচ্ছিল তখনই প্রীতির গোল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তার গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়। টুর্নামেন্টে প্রীতি করলেন ৭ গোল। সর্বোচ্চ ৮ গোল করেছেন ভারতের আনুষ্কা কুমারী।

এই জয়ের পর ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ করছে বাংলাদেশ। ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ভারত।