ক্রিকেটারদের আন্দোলনের মুখে আজ বৃহস্পতিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচও হয়নি। সন্ধ্যা ৬টায় শুরুর কথা ছিল রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের মধ্যকার ম্যাচ। একই কারণে দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচও মাঠে গড়ায়নি।

সংকট তৈরি হয় বিসিবির পরিচালক ও অর্থ বিভাগের চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে ঘিরে। ক্রিকেটারদের নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন তিনি। এতে ক্ষুব্ধ ক্রিকেটাররা বুধবার রাতে নাজমুল ইসলামের অব্যাহতি চেয়ে বিসিবিকে আলটিমেটাম দেন। ২৪ ঘন্টার আলটিমেটারের পরও তাকে না সরানোয় দুপুরের ম্যাচে মাঠে আসেননি ক্রিকেটাররা। ফলে, নোয়াখালী-চট্টগ্রাম ম্যাচ হয়নি।

দুপুরের পরে বনানীতে সংবাদ সম্মেলন ডাকে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেখানে উপস্থিত ছিলেন কোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুনসহ জ্যেষ্ঠ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও অন্যরা। ক্রিকেটাররা সেখানে ঘোষণা দেন, নাজমুলকে অপসারণ না করা পর্যন্ত সব ধরণের ক্রিকেট বর্জন করা হবে।

ক্রিকেটারদের অনড় অবস্থানের কাছে হার মেনে বিসিবি ভার্চুয়াল সভা করে নাজমুলকে অর্থ কমিটি ও অন্যান্য দায়িত্ব থেকে অব্যাহিত দেয়। তবে ক্রিকেটাররা চান, নাজমুলকে যেন পরিচালক পদ থেকেও যেন সরানো হয়, নইলে দ্বিতীয় ম্যাচেও মাঠে যাবেন না। সেই মোতাবেক তারা মাঠে যাননি।

এদিকে, বিসিবি হুমকি দিয়ে রেখেছিল, সন্ধ্যার মাঠে ক্রিকেটাররা না এলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে। এ মুহূর্তে বিসিবি কী সিদ্ধান্ত নেয়, তার অপেক্ষায় সবাই।