মরক্কোর পর এবার হাইতি—চলতি বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। দলের জয়ে গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেছেন। কুনহার জোড়া গোলের ম্যাচেও ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন সেলেসাও ফরোয়ার্ড।

ম্যাচ শেষে মজাদার ছলে জানালেন, ম্যাচসেরার ট্রফির সঙ্গে পাওয়া স্পন্সরদের ‘বিয়ার’ পুরস্কারটি নাকি তার কোনো কাজেই আসবে না!

পুরস্কার হাতে নিয়ে ভিনিসিউস বলেন, ‘আমি বিয়ার পান করি না। তাই এ পুরস্কারটি আমার জন্য একটু জটিল। আমি বন্ধুদের সঙ্গে সব সময় ভাত, বিনস আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে মাংস খেতেই বেশি পছন্দ করি।’

ম্যাচে জোড়া গোল করে লাইমলাইটে আসা সতীর্থ কুনহা প্রসঙ্গে ভিনির মন্তব্য, ‘প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বুঝেই কোচ আমাদের ফরমেশন ও খেলোয়াড় নির্ধারণ করেন। কুনহা আজ দুর্দান্ত খেলেছে। ও ম্যানচেস্টার ইউনাইটেডেও এই পজিশনে খেলে অভ্যস্ত। আজ দুটি গোল পাওয়ায় আমি ওর জন্য আনন্দিত। নিজের সেরাটা দেওয়ার জন্য ও অসম্ভব পরিশ্রম করে।’

প্রথম ম্যাচের ড্রয়ের ধকল কাটিয়ে এই ম্যাচে দলের কৌশলগত উন্নতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভিনিসিউস। তবে নিজের পজিশন নিয়ে ভিনি বলেন, ‘কোচ আমাকে একদম মাঝখানে খেলার নির্দেশ দিয়েছিলেন। এ পজিশন আমি পছন্দ করি না। যখনই আমি মাঝখানে খেলি, তখনই গোল পাই! মনে হচ্ছে কোচের কথামতো আমাকে মাঝখানেই খেলতে হবে।’