বিশ্বকাপে ২৮ বছরের অনুপস্থিতির অবসান ঘটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে স্কটল্যান্ড। আজ সকালে গ্রুপ ‘সি’-এর ম্যাচে জন ম্যাকগিনের একমাত্র গোলে হাইতিকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা।
ম্যাচের ২৮তম মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করা শটে গোল করেন ম্যাকগিন।
১৯৯৮ সালের পর এ প্রথম বিশ্বকাপে খেলতে নামা স্কটল্যান্ড এ জয়ের মাধ্যমে ১৯৯০ সালের পর বিশ্বকাপ মঞ্চে প্রথম জয়ও তুলে নিল। সেবার তারা সুইডেনকে ২-১ গোলে হারিয়েছিল।
দিনের আগের ম্যাচে গ্রুপের দুই ফেবারিট ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করায় স্কটল্যান্ড এখন গ্রুপের শীর্ষে উঠে এসেছে।
অন্যদিকে এর আগে বিশ্বকাপে একবারই অংশগ্রহণ করে হাইতি। ১৯৭৪ সালে পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত হয়েছিল ওই আসর। এখন বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্টের অপেক্ষায় রয়েছে হাইতি।
চে অ্যাডামসের একটি মিস থেকে ম্যাকগিনের গোলটি আসে। বক্সের ভেতরে অ্যাডামসের শট ঠেকিয়ে দেন প্লাসিদে, কিন্তু বলটি ফাঁকা জায়গায় চলে যায়। সেখান থেকে ১৩ গজ দূরত্ব থেকে নেয়া ম্যাকগিনের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।
গ্যালারিতে স্কটল্যান্ডের বিখ্যাত ‘টার্টান আর্মি’ সমর্থকরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। বস্টন থেকে প্রায় ৩০ মাইল দূরে অবস্থিত গিলেট স্টেডিয়ামে লাল রঙের ঢেউ তৈরি করেন তারা।
১৭তম মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। অধিনায়ক স্কট ম্যাকটমিন ফাঁকা জায়গা পেয়ে জোরালো শট নেন, কিন্তু বল পোস্টের ওপরের অংশ ছুঁয়ে বাইরে চলে যায়।
দ্বিতীয়ার্ধে হাইতি ম্যাচে ফেরার কয়েকটি সুযোগ তৈরি করেছিল। ৭৪তম মিনিটে রুবেন প্রভিডেন্সের ক্রস থেকে উইলসন ইসিদর গোলের সুযোগ পেলেও বলের সঠিক সংযোগ ঘটাতে পারেননি।
এরপর ৮৪তম মিনিটে ফ্রান্টজদি পিয়েরোর হেড অল্পের জন্য বাম দিক দিয়ে বাইরে চলে যায়।
স্কটল্যান্ড আগামী ১৯ জুন একই ভেন্যু গিলেট স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে। অন্যদিকে, হাইতি তাদের পরের ম্যাচে ফিলাডেলফিয়ায় ব্রাজিলের বিপক্ষে খেলবে।














