টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বৃহস্পতিবার নিজেদের মাঠ পাল্লেকেলে স্টেডিয়ামে ওমানের বিপক্ষে সোয়া দুইশ রান তুলে ১০৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে শ্রীলংকা। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ২২৫ রান সংগ্রহ করে সিংহলিজরা। বিশাল এ রান তাড়া করতে নেমে ওমান ৯ উইকেটে ১২০ রান তুলতে সমর্থ হয়।
কুশল মেন্ডিস (৪৫ বলে ৬১), পবন রত্নায়েকে (২৮ বলে ৬০) ও দাসুন শানাকার (২০ বলে ৫০) তিন ফিফটিতে দুইশোর্ধ্ব সংগ্রহ গড়ে শ্রীলংকা। কুশল মেন্ডিস ও রত্নায়েকে ৯৪ রানের পার্টনারশিপ গড়ে শ্রীলংকার বড় সংগ্রহের ভিত গড়ে দেন। এটা টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় উইকেটে শ্রীলংকার রেকর্ড। সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনের ৮৭ রানের জুটিকে এদিন পেছনে ফেলেন তারা।
বিশাল এ রান তাড়া করতে নেমে মোহাম্মাদ নাদিমের ফিফটিতে (৫৬ বলে ৫৩) ওমান ১২০ রান তুলতে সমর্থ হয়। শ্রীলংকার দুশমন্ত চামিরা ও মহিস থিকসানা দুটি করে উইকেট নেন।
আইসিসির কোনো টুর্নামেন্টে আজ সবচেয়ে বয়সী খেলোয়াড় হিসেবে ফিফটি করেছেন নাদিম। তার বয়স ৪৩ বছর ১৬১ দিন। ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৫৮ রান করেছিলেন নেদারল্যান্ডসের ফ্লাবিয়ান আপোনসো। সেই রেকর্ডটা পেছনে ফেলেন নাদিম। তিনি ফিফটি করেছেন ৫২ বলে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে যুগ্মভাবে ধীরতম ফিফটি। তার মতোই ২০২৪ বিশ্বকাপে ৫২ বলে ফিফটি করেছিলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।









