ইউরোপের ক্ষুদ্র দেশ সান মারিনোর বিপক্ষে আগামী ৫ জুন প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সান মারিনোর মাঠে এটি হবে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ (৭ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে।
ইউরোপে এ নিয়ে দ্বিতীয়বার খেলবে বাংলাদেশ। ২০০০ সালে ইংল্যান্ডের মাঠে ভারতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল, যে দলের অন্যতম সদস্য ছিলেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এছাড়া, ২০০১ সালে ভারতের কোচিনে মিলেনিয়াম সুপার সকার কাপে ইউরোপের দুই দেশ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও যুগোস্লোভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ। যা ছিল ইউরোপের দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।
বাফুফে জানিয়েছে, বাংলাদেশ-সান মারিনো ম্যাচটি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ফুটবলীয় উন্নয়নের একটি বড় সুযোগ। ম্যাচের ভেন্যু ও সময় শিগগিরই ঘোষণা করা হবে।
ফিফা র্যাংকিংয়ে সান মারিনো ২১১ ও বাংলাদেশ ১৮১ নম্বরে। সান মারিনো ইউরোপের একটি ছোট দেশ। এর চারদিক ইতালি দ্বারা ঘেরা। সান মারিনোর আয়তন মাত্র ৬১ বর্গকিলোমিটার। এটি বিশ্বের পঞ্চম ক্ষুদ্রতম রাষ্ট্র।









