উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষ হলো। এতে নিজ নিজ ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এগিয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, অ্যাটলেটিকো মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে দেয় ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। স্যান্টিয়াগো বার্নাব্যুতে ৪১ মিনিটে লুইস ডিয়াজের গোলে লিড নেয় বায়ার্ন। বিরতির পর প্রথম মিনিটেই ব্যবধান ২-০ করে দেন হ্যারি কেন। গোল পরিশোধে মরিয়া হয়ে খেলা রিয়াল মাদ্রিদ ৭৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে ব্যবধান কমায়। এরপরও এক গোলের লিড নিয়ে স্বস্তিতে ম্যাচ শেষ করতে পেরেছে ভিনসেন্ট কম্পানির বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে খেলার সুবিধার সঙ্গে এক গোলের লিডও পাচ্ছে বাভারিয়ানরা।
মঙ্গলবার স্পোর্টিং লিসবনের মাঠে ১-০ গোলে জিতেছে ইংলিশ দল আর্সেনাল। ৯০ মিনিট গোলশূন্য থাকার পর যোগ করা সময়ের প্রথম মিনিটে লক্ষ্যভেদ করেন আর্সেনালের জার্মান তারকা কাই হাভার্টজ। এই গোলটি আর ঘরের মাঠে খেলার সুবিধা দ্বিতীয় লেগে এগিয়ে রাখবে আর্সেনালকে।
বুধবার রাতে বার্সেলোনা নিজেদের মাঠে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। বার্সাই মাঠে আধিপত্য করছিল। তবে পাউ কুবারসি ৪৪ মিনিটে লাল কার্ড দেখলে ম্যাচের গতিপথ বদলে যায়। জুলিয়ানো সিমিওনেকে ফাউল করায় লাল কার্ড পান ১৯ বছর বয়সী ডিফেন্ডার। ফলে দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলতে হয় বার্সেলোনাকে। এই সুবিধা পুরোপুরি কাজে লাগায় অ্যাটলেটিকো। হুলিয়ান আলভারেজ প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে এগিয়ে দেন অ্যাটলেটিকোকে। আলেক্সান্ডার সরলথ ৭০ মিনিটে ব্যবধান ২-০ করে দিলে জয় নিশ্চিত হয়ে যায় অ্যাটলেটিকোর। ২০০৬ সালের পর এই প্রথম ন্যু ক্যাম্পে জিতল মাদ্রিদ জায়ান্টরা।

মাথা নিচু করেই মাঠ ছাড়তে হলো লামিনে ইয়ামালকে। ছবি: এপি
দ্বিতীয় লেগে বার্সার সামনে কঠিন পথ। মাদ্রিদে তিন গোলের ব্যবধানে জিততে হবে কাতালানদের।
বুধবার আরেক ম্যাচে ফরাসি দল পিএসজির মাঠে ২-০ গোলে হেরেছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। ১১ মিনিটে ডিজায়ার দুয়ে ও ৬৫ মিনিটে জর্জিয়ান স্ট্রাইকার কিভিচা কাভারাস্কেইয়া গোল করে পিএসজিকে জিতিয়েছেন।
ইংলিশ ক্লাবের বিপক্ষে রেকর্ডই এগিয়ে রাখছে পিএসজিকে। গত মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, আর্সেনাল (দুবার), টটেনহ্যাম, চেলসি (দুবার) ও এখন লিভারপুলকে (দুবার) হারাল তারা। লিভারপুল অভাবনীয় কিছু করতে না পারলেই সেমিফাইনালে যাচ্ছে পিএসজিই।
লিভারপুলের মাঠে দ্বিতীয় লেগ খেলতে যাওয়ার আগে এক সপ্তাহ বিশ্রাম পাচ্ছে পিএসজি, এ সময় তাদের লিগ ম্যাচ নেই। লিভারপুল এ সময় লিগে খেলবে ফুলহ্যামের বিপক্ষে। লিগে তিন ম্যাচে জয়হীন অল রেডরা।
কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ফল
রিয়াল মাদ্রিদ ১-২ বায়ার্ন মিউনিখ
স্পোর্টিং লিসবন ০-১ আর্সেনাল
বার্সেলোনা ০-২ অ্যাটলেটিকো
পিএসজি ২-০ লিভারপুল









