আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। আর্জেন্টিনার স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) রাত ১০ টার দিকে রোসারিওর একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন হোর্হে মেসি।

আর্জেন্টাইন ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে, পরিচালনা পর্ষদ, সদস্য, খেলোয়াড় এবং নিউয়েলস ওল্ড বয়েজ পরিবারের পক্ষ থেকে এ কঠিন সময়ে সেলিয়া, লিওনেল, রদ্রিগো, মাতিয়াস ও মারিয়া সলসহ তাদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এর আগে, গত জুনে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন মেসি। ম্যাচ শেষে কান্নার কারণ জানতে চাইলে তিনি বলেন, এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। গত কয়েকটি দিন তার জন্য কঠিন ছিল।

মেসির ওই মন্তব্যের পর তার বাবার শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিবেদন করে। এরপর মেসি পরিবার হোর্হে মেসিকে নিয়ে একটি বিবৃতি দেয়।

বিবৃতিতে বলা হয়, তিনি শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি সুস্থ হয়ে উঠছেন বলেও জানানো হয়। একই সঙ্গে ব্যক্তিগত বিষয়ে গুজব, জল্পনা ও অসংবেদনশীল প্রতিবেদনের জন্য ক্ষোভ প্রকাশ করে পরিবারটি।