গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তারকা ক্রিকেটার তামিম ইকবালকে। সোমবার হার্ট অ্যাটাকের পর ওইদিন দুপুরে রিং পরানো হয় তামিমকে। সেই থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যার পর তাকে নিয়ে আসা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে। মঙ্গলবার রাতেই তামিমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তামিমের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে আছেন। এতক্ষণ পালস না থাকার পরও সে রকম ফিজিক্যাল ড্যামেজও হয়নি। আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন। উনার মানসিক যে শক্তি দেখলাম। উনার পরিবারের সঙ্গেও কথা হয়েছে। সবাই এখন স্বস্তিতে আছেন। ডাক্তাররা নিয়মিত দেখছেন। আশা করি, খুব দ্রুত কেবিনেও ফিরে আসবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

উন্নত চিকিৎসার জন্য তামিমকে দেশের বাইরে নেয়া হবে কি না, জানতে চাইলে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ডাক্তারদের সঙ্গে পরিবার কথা বলছে। যদি তারা কোনো পরামর্শ দেন, তাহলে পরিবার দেখবে।’

সোমবার বিকেএসপিতে মোহামেডান ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে টস করার পর ফিল্ডিংয়ে নামার সময় অস্বস্তি অনুভব করেন তামিম। প্রথমে কেপিজে হাসপাতালে নেয়ার পর পরীক্ষায় নিরীক্ষায় কিছু ধরা পড়েনি বলে ফিরে আসেন বিকেএসপিতে। কিছু সময় পর তিনি ফের অসুস্থ বোধ করলে ফের তাকে হাসপাতালে নেয়া হয়। নেয়ার সময় পালস না পাওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে ১৫-২০ মিনিট ধরে সিপিআর দিতে হয়। হাসপাতালে নেয়ার পর দ্রুত তার এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টির পর ব্লক ধরা পড়েন। তখন তার হার্টে রিং পরানো হয়।