ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গত ১৬ মার্চ বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৩২ রান করে জিতিয়েছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে। মাঝে এক ম্যাচ বিরতি দিয়ে আজ আবারও তিন অঙ্ক ছুঁয়েছেন নুরুল হাসান সোহান। তবে আজ কপাল মন্দ তার। ৯৩ বলে ১০০ রানের সাহসী ইনিংস খেলেও মোহামেডানের বিপক্ষে জেতাতে পারেননি ধানমন্ডিকে। ২১৭ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ১৯৩ রানে অলআউট ধানমন্ডি।
১০ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১০০ রান করে সাইফউদ্দিনের শিকার হন সোহান। তিনি অবশ্য শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন। ১১৭ রানে ৭ উইকেট পতনের পর দলকে টানছিলেন সোহান। লড়ছিলেন নিঃসঙ্গ শেরপা হয়ে। যদিও শেষ পর্যন্ত তিনি পেরে উঠলেন না।
এর আগে শেরেবাংলা স্টেডিয়ামের স্লো উইকেটে ৬ উইকেটে ২১৬ রান সংগ্রহ করে মোহামেডান। তাওহীদ হৃদয় ৪৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৭৭ বলে ৪৪, রনি তালুকদার ৬৪ বলে ৩৯, তামিম ইকবাল ৫৩ বলে ২৬ ও মেহেদী হাসান মিরাজ ২৪ বলে ২৬ রান করেন। কামরুল ইসলাম রাব্বি তিনটি ও হাসান মুরাদ দুটি উইকেট নেন।
মোহামেডানের জয়ের দিন জিতেছে ঢাকার আরেক ঐতিহ্যবহুল দল আবাহনীও। বিকেএসপির ৪ নম্বর মাঠে তারা ২ উইকেটের কষ্টার্জিত জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। আগে ব্যাটিংয়ে নেমে ১৯৯ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ। এনামুল হক বিজয় করেন সর্বোচ্চ ৬৮ রান। মুমিনুল হক নেন ৪ উইকেট। জবাবে মোহাম্মদ মিঠুন (৭৭ বলে ৭৬) ও নাজমুল হোসেন শান্তর (৬৩ বলে ৪৩) ব্যাটে ভর করে জয় তুলে নেয় আবাহনী।
আজ বিকেএসপিতে আরেক ম্যাচে শাইনপুকুরকে ৯ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিংয়ে নেমে ১৫৯ রানে অলআউট শাইনপুকুর। রান তাড়া করতে নেমে নাইম শেখের সেঞ্চুরিতে ভর করে মাত্র ২০.১ ওভারে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। নাইম ৬৪ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন, সাব্বির হোসেন করেছেন ৪৮ বলে ৪৭ রান।








