মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৯১ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা তুলে নেয় ৭ উইকেটের বড় জয়। আজ মঙ্গলবার হ্যামিল্টনে প্রোটিয়াদের বড় লজ্জা ফিরিয়ে দিল কিউইরা। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে স্বাগতিক দল। জবাব দিতে নেমে ১০৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ৬৮ রানের এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১-এ সমতা আনল মিচেল স্যান্টনারের দল।

ডেভন কনওয়ের ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি পায় নিউজিল্যান্ড। ৪৯ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬০ রান করেন তিনি। এছাড়া জস ক্লার্কসন ৯ বলে ২৬, নিক কেলি ১২ বলে ২১, মিচেল স্যান্টনার ১৪ বলে ২০ ও কোল ম্যাককনচি ১২ বলে ১৮ রান করেন। ১৪ রানে ২টি উইকেট নেন উইয়ান মুলডার।

এই রান তাড়া করতে নেমে লকি ফার্গুসন (৩/১৬) ও বেন সিয়ার্সের (৩/১৪) তোপের মুখে পড়ে এলোমেলো প্রোটিয়া ব্যাটিং লাইনআপ। স্পিনার মিচেল স্যান্টনার ১৯ রানে ২টি উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন জর্জ লিন্ডে।

শুক্রবার অকল্যান্ডে সিরিজের তৃতীয় ম্যাচ।

হ্যামিল্টনে আজ কিউই ছেলেরা জিতলেও হেরেছে তাদের মেয়েরা। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রোটিয়া নারীরা হেরে যায়। আজ তারা হারিয়েছে স্বাগিতক দলকে। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৭ রান তোলে লরা উলভার্টের দল। জবাবে কিউইরা ১৫৯ রানে অলআউট হয়ে যায়।