আগামী ২৮ মে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এ সিরিজ সামনে রেখে আজ সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করেছে ফিল সিমন্সের দল।

মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। দলটি রোববার ফাইনালে কোয়েটাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মিরাজ ও রিশাদ লাহোরেই ছিলেন, বাকিরা আরব আমিরাত থেকে পাকিস্তানে পৌঁছেছে। আজ পুরো দল অনুশীলনে যোগ দেয়।

ইনজুরির কারণে এ সিরিজ খেলা হবে না মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারের। এছাড়া নাম প্রত্যাহার করে নেন নাহিদ রানা।

সিরিজটি পাঁচ ম্যাচের হওয়ার কথা থাকলেও ভারত-পাকিস্তান সংঘাতে পরিস্থিতি বদলে যায়। এখন সিরিজটা তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে। আগামী ২৮, ৩০ ও ৩১ মে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে।

পাকিস্তান সফরের বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।