নেপালের মাঠে আজ শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ ফুটবল দল।
কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে বল দখলে দুই দলই ছিল সমানে সমান। বল লক্ষ্যে রাখায়ও দুই দল ছিল সমানে সমান। যদিও পুরো ৯০ মিনিটে দুই দলের কেউই লক্ষ্যভেদ করতে না পারায় ম্যাচটা গোলশূন্য ড্র হয়।
নেপালের সঙ্গে সর্বশেষ পাঁচ ম্যাচে জয়হীন বাংলাদেশ। ২০২২ সালে সর্বশেষ প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তার আগে ২০২০ ও ২০২১ সালে তিন ম্যাচ খেলে দুটিতে ড্র ও একটিতে হেরেছে লাল-সবুজরা। এবারও জয় পাওয়া হলো না।
জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন মাস পর মাঠে ফিরেছে হাভিয়ের কাবরেরার দল। এ ম্যাচে খেলেননি হামজা চৌধুরী ও শমিত সোমের মতো তারকা। ফাহামিদুল ইসলাম, শেখ মোরছালিন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ভিয়েতনাম সফরে থাকায় নেপালের বিপক্ষে খেলতে পারেননি।









