বিপিএলে টানা তিন ম্যাচে হারল রংপুর রাইডার্স। নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হারের পর নুরুল হাসান সোহানের দল আজ সোমবার সিলেট টাইটানসের কাছে হেরেছে ৬ উইকেটে। আগে ব্যাটিংয়ে নেমে ১১৪ রানে গুটিয়ে যায় রংপুর। জবাবে পারভেজ হোসেন ইমনের ব্যাটে ফিফটিতে ভর করে সহজ জয় পায় সিলেট।

স্পিনার মঈন আলী (২/৮), নাসুম আহমেদ (৩/১৯) ও পেস বোলার শহিদুল ইসলামের (৩/৩৬) দুর্দান্ত বোলিংয়ের মুখে ২০ ওভারও টিকতে পারেনি রংপুর। ১৯.১ ওভারে ১১৪ রান করে অলআউট হয়ে যায় তারা। খুশদিল শাহ ২৪ বলে ৩০, মাহমুদউল্লাহ ২৩ বলে ২৯, লিটন দাস ১২ বলে ২২ ও ইফতিখার আহমেদ ২০ বলে ১৭ রান করেন। এরপর ইমন ৪১ বলে ৫২ রানের হার না মানা ইনিংস খেলে জিতিয়েছেন সিলেটকে। এছাড়া তৌফিক খান ২২ বলে ৩৩ ও আরিফুল ইসলাম ২৬ বলে ২১ রান করেন। নাহিদ রানা ১৮ রানে ২ উইকটে নেন।

এ জয়ের পর রাজশাহীকে তিনে ঠেলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে রংপুর। চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স প্রত্যেক দলেরই ঝুলিতে সমান ১০ পয়েন্ট। তবে চট্টগ্রাম ও রাজশাহীর চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছে সিলেট। আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে থাকল রংপুর।