সেখানে থাকছেন ফুটবল দলে তার আরো বেশ কয়েকজন সতীর্থ। এছাড়া জাতীয় ক্রিকেট দলের তারকা পেস বোলার জাহানারা আলম ঈদ করবেন অস্ট্রেলিয়ায় এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা পেস বোলার হাসিবুল হোসেন শান্ত ঈদ করবেন ঢাকায় পরিবারের সঙ্গে। ষাট, সত্তর ও আশির দশকের ক্রিকেট তারকা শফিকুল হক হীরা ঈদ করবেন চট্টগ্রামে নিজ বাড়িতে।
জাতীয় দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম গতকাল অস্ট্রেলিয়া থেকে বণিক বার্তাকে বলেন, ‘এখন অস্ট্রেলিয়াতে আছি, সিডনিতে আছি। এবারের ঈদ এখানেই কাটবে আলহামদুলিল্লাহ। ঈদ তো খুশির দিন, আর খুশি তো নিজের কাছে, যেখানেই থাকি কিনা। ইনশাআল্লাহ কাল (সোমবার) ঈদ, ভালো কাটবে ইনশাআল্লাহ।’
জাতীয় দলের সাবেক তারকা ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত ঈদ ভাবনা নিয়ে বণিক বার্তাকে বলেন, ‘ঈদ মোবারক। ঈদ করব ঢাকায় পরিবার নিয়ে। ঢাকার বাইরেই ছিলাম, এবার সবাইকে সাথে নিয়ে ঈদ করব ইনশাআল্লাহ। দোয়া করি সবার ঈদ ভালো কাটু্ক।’
স্বাধীনতার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, দীর্ঘ সময়ের সাবেক সফল ম্যানেজার শফিকুল হীরা এখন অনেকটা নিভৃতে জীবন যাপন করেন চট্টগ্রামের নিজ বাসায়। ৭৯ বছর বয়সী হীরা বার্ধক্যজনিত কারণে রোজা পালন করতে না পারলেও এবার তার ঈদের আনন্দ বেড়েছে বিশেষ একটি কারণে। একমাত্র মেয়ে ও জামাইকে এবার ঈদের সময় কাছে পাচ্ছেন তিনি। হীরা বণিক বার্তাকে বলেন, ‘সবাইকে নিয়ে ঈদ করব, এতেই আনন্দ। সবাই ভালো থাকুক, এই দোয়া করি।’
দুবারের সাফজয়ী নারী ফুটবল দলের অন্যতম সদস্য সানজিদা ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে গেছেন কলসিন্দুরে। সেখানে পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটছে তার। বণিক বার্তাকে বলেন, ‘আমি গ্রামেই ঈদ করব।’
জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ৬ জুলাই ভুটানের লিগে খেলতে থিম্পু যাবেন। তার আগে পরিবারের সঙ্গে ঈদ করবেন। গতকাল বণিক বার্তাকে জানিয়েছেন, তিনি সাতক্ষীরায় ঈদ করবেন।
ঈদের পরই সাবিনার সঙ্গে ভুটান যাবেন জাতীয় দলের তারকা ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। এর মধ্যে জাপানি মা ও বাংলাদেশী বাবার সন্তান সুমাইয়া ঈদ পালন করবেন গ্রামের বাড়ি ঢাকার পার্শ্ববর্তী দোহারে। মনিকা ও ঋতুপর্ণা এ মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন রাঙ্গামাটিতে।








