দক্ষিণ এশিয়ার দেশ নেপালে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। যে কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আজ সোমবারের অনুশীলন সেশন স্থগিত করা হয়েছে। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে হোটেলেই অবরুদ্ধ জামাল ভূঁইয়া-রাকিব হোসেনরা।
দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল গেছে বাংলাদেশ দল। কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম ম্যাচ শনিবার অনুষ্ঠিত হয়, যা গোলশূন্য ড্র হয়। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। আজ সোমবার প্রি-ম্যাচ সংবাদ সম্মেলন টিম হোটেলেই অনুষ্ঠিত হয়।
দলের অনুশীলন স্থগিত করা প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে আজ বেলা ৩টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণে অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে।’
বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, বেলা তিনটায় দলের অনুশীলনের সময় নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন খেলোয়াড়রা। কিন্তু হোটেল লবিতে আসার পর জানানো হয়েছে, স্টেডিয়ামের আশপাশের এলাকা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এখন বের হওয়া যাবে না।









