আয়ারল্যান্ডের সঙ্গে জিতলে এমনিতেই সুপার এইটে নাম লেখাতো জিম্বাবুয়ে। তবে কোনো কষ্ট করতে হলো না সিকান্দার রাজাদের। ক্যান্ডিতে আজ বৃষ্টি বাধায় জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ফলে, এ ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে সুপার এইটে উঠে গেছে জিম্বাবুয়ে, সেই সঙ্গে বিদায় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের। ‘বি’ গ্রুপ থেকে আগেই সুপার এইটে খেলার টিকিট পেয়েছে শ্রীলংকা।
৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে শ্রীলংকা, সমান ম্যাচে জিম্বাবুয়ের পয়েন্ট ৫, এক ম্যাচ বেশি খেলা আয়ারল্যান্ডের পয়েন্ট ৪ এবং অস্ট্রেলিয়ার ৩ ম্যাচে মাত্র ২। ওমান কোনো পয়েন্ট পায়নি। শুক্রবার ওমানকে হারালেও অস্ট্রেলিয়ার সুপার এইটে ওঠার আর কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার কলম্বোয় মুখোমুখি হবে শ্রীলংকা ও জিম্বাবুয়ে। ওই ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।









