সিলেটে আজ শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে সফরকারী নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে ১৫.১ ওভারে ১০০ রান তোলার পর ষষ্ঠ উইকেট হারায় ডাচরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে পেরেছে অতিথিরা। জবাবে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

লিটন দাস ২৯ বলে ৫৪, সাইফ হাসান ১৯ বলে ৩৬, তানজিদ হাসান ২৪ বলে ২৯ রান করেন। ৯ বলে ১৫ রান করেন পারভেজ হোসেন ইমন।

এর আগে ডাচদের দেড়শ রানের আগেই আটকায় বাংলাদেশ। পেস বোলার তাসকিন আহমেদ নেন ডাচদের ৪ উইকেট। এছাড়া সাইফ হাসান ২টি ও মুস্তাফিজুর রহমান ১টি উইকেট নেন।

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে এ সিরিজে তিনটি টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর।

সোমবার দ্বিতীয় ও বুধবার তৃতীয় টি-টোয়েন্টি।