টি২০ বিশ্বকাপের নবম আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ২০ দলের এ আসরে গ্রুপ পর্ব শেষে সুপার এইট পর্ব। এরপর সেমিফাইনাল ও ফাইনাল। ২০ ওভারের এ বিশ্বকাপে বাংলাদেশ ‘ডি’ গ্রুপে পড়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে। ৭ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে টাইগাররা।

শুক্রবার নবম টি২০ বিশ্বকাপের গ্রুপিং ও সূচি প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে ১ জুন শুরু হবে বিশ্বকাপ। পরদিন ২ জুন গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ২৯ জুন বার্বাডোজে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ আসরের।

এ আসরে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজে, বাকি দুটি যুক্তরাষ্ট্রে। ৭ জুন ডালাসে প্রথম ম্যাচের পর ১০ জুন দক্ষিণ আফ্রিকা (নিউইয়র্ক), ১৩ জুন নেদারল্যান্ডস (সেন্ট ভিনসেন্ট) ও ১৬ জুন নেপালের (সেন্ট ভিনসেন্ট) মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। 

২০ দলের ঐতিহাসিক এ আসরে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা; ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান; ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও উগান্ডা প্রতিদ্বন্দ্বিতা করবে।

‘এ’ গ্রুপের সব খেলা হবে যুক্তরাষ্ট্রে। এ গ্রুপের আকর্ষণ ভারত-পাকিস্তান মহাদ্বৈরথ। ৯ জুন নিউইয়র্কে ভারত-পাকিস্তান লড়াই। নিউইয়র্কের ম্যানহাটন থেকে ৩০ মাইল দূরবর্তী আইজেনহাওয়ার পার্কে গ্রুপের সব ম্যাচ হবে। এ ভেন্যুতে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপের সব খেলা হবে ক্যারিবিয়ান অঞ্চলে। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড খেলবে ওয়ানডের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছাড়াও স্কটল্যান্ড, নামিবিয়া ও ওমানের বিপক্ষে। ইংল্যান্ড তাদের ম্যাচ খেলবে অ্যান্টিগা, বার্বাডোজ ও সেন্ট লুসিয়ায়। তারা প্রথমেই মুখোমুখি হবে প্রতিবেশী দেশ স্কটল্যান্ডের।

‘সি’ গ্রুপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও উগান্ডার ম্যাচগুলো হবে ক্যারিবিয়ান অঞ্চলে। স্বাগতিকরা তাদের ম্যাচগুলো খেলবে গায়ানা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও সেন্ট লুসিয়ায়। আর ‘ডি’ একমাত্র গ্রুপ যার ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ভাগাভাগি করে অনুষ্ঠিত হবে।

৪ জুন বার্বাডোজে স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার মিশনে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গতবারের ফাইনালিস্ট পাকিস্তান ৬ জুন ডালাসে প্রথম ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপে কোয়ালিফাই করা উগান্ডা ৩ জুন তাদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে গায়ানায়। ২০১৪ সালের পর প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপে খেলার টিকিট পাওয়া এশিয়ার দেশ নেপাল ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। 

গ্রুপ পর্ব শেষে রয়েছে সুপার এইট পর্ব। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। সেখানে চারটি করে দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগে খেলবে। কে কোন গ্রুপে পড়বে সেটা র‍্যাংকিং হিসেবে নির্ধারিত হবে। সুপার এইট শেষে সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে। সুপার এইটের ম্যাচগুলো হবে পর্যটন অঞ্চল হিসেবে জনপ্রিয় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, বার্বাডোজ, সেন্ট লুসিয়া এবং সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইনসে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে গায়ানা এবং ত্রিনিদাদ ও টোব্যাগোয়।

প্রশ্ন উঠছে টুর্নামেন্টের চেতনা নিয়ে। র‍্যাংকিংয়ের তলানির চারটি দলকে দুটি গ্রুপে ফেলা হয়েছে। ১৯ র‍্যাংকধারী পাপুয়া নিউগিনি ও ২২ র‍্যাংকধারী উগান্ডা ‘সি’ গ্রুপে এবং ২৩ র‍্যাংকধারী যুক্তরাষ্ট্র ও ২০ র‍্যাংকধারী কানাডা ‘এ’ গ্রুপে পড়েছে।

টুর্নামেন্টের প্রায় অর্ধেকের মতো দল যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলবে। দক্ষিণ এশিয়ার দলগুলোর বিপুল দর্শক সমর্থনের কথা মাথায় রেখে ফিকশ্চার সাজানো হয়েছে। এশিয়ার সাতটি দেশের পাঁচটিই যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলবে। যদিও রাজনৈতিক স্পর্শকাতরতার বিষয়টি মাথায় রেখে আফগানিস্তানের ম্যাচ এখানে রাখা হয়নি।

চারটি গ্রুপের মধ্যে ‘ডি’ গ্রুপেই সবচেয়ে বেশি লড়াই হবে বলে ধারণা করা হয়। ২০২২ সালের টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিদায় করে নেদারল্যান্ডস। এ বছর ভারতের হিমাচলে ওয়ানডে বিশ্বকাপ ম্যাচেও প্রোটিয়াদের হারানোর কৃতিত্ব অর্জন করে ডাচরা। এবার টি২০ বিশ্বকাপেও দেখা হচ্ছে দুই দলের। এছাড়া বাংলাদেশ, শ্রীলংকার মতো শক্তিশালী দল ছাড়াও রয়েছে এশিয়ার উদীয়মান দল নেপাল।

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪ যৌথভাবে আয়োজন করতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। এটিই টি২০ বিশ্বকাপের ইতিহাসে সর্ববৃহৎ আসর, যাতে ২০টি দেশ অংশ নেবে। এ আসরের মোট ৫৫টি ম্যাচ নয়টি শহরে অনুষ্ঠিত হবে। এ প্রথম টি২০ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। দেশটির নাসাউ কাউন্টি ইন্টারন্যাশাল ক্রিকেট স্টেডিয়াম (নিউইয়র্ক), গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়াম (ডালাস) ও ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে (লডারহিল) ম্যাচগুলো হবে।

ওয়েস্ট ইন্ডিজে এ নিয়ে দ্বিতীয়বার বসছে টি২০ বিশ্বকাপ আসর। ২০১০ সালে তারা প্রথমবার ২০ ওভারের এ বিশ্বকাপ আয়োজন করে, সেবার চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। এবার ক্যারিবিয়ান অঞ্চলে বিশ্বকাপের খেলা হবে অ্যান্টিগা ও বারবুডা, বার্বাডোজ, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইনস এবং ত্রিনিদাদ ও টোব্যাগোয়।