হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগামীকাল মঙ্গলবার টি২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এই ম্যাচেই সিরিজের ভাগ্য নির্ধারণ হবে। নুরুল হাসান সোহান চোটের কারণে ছিটকে পড়ায় আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত।
ডানহাতি অফস্পিনার মোসাদ্দেকের জাদুকরি বোলিংয়ে রোববার দ্বিতীয় টি২০
ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। মোসাদ্দেক
ক্যারিয়ারসেরা বোলিং করে ২০ রানে নেন ৫ উইকেট। তাতে শঙ্কা কাটিয়ে এখন সিরিজ জয়ের
সুযোগও তৈরি হয়েছে সফরকারীদের জন্য।
গতকাল রোববার দ্বিতীয় ম্যাচ চলাকালে পেসার হাসান মাহমুদের বোলিংয়ের সময়
কিপিং করতে গিয়ে আঙুলে চোট পান সোহান। তাতে এই সফরই শেষ হয়ে গেছে তার। বাংলাদেশ
ক্রিকেট বোর্ড রোববারই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে দিয়েছে। আজ বিসিবি জানায়, নুরুলের জায়গায়
তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন, যার
বীরত্বপূর্ণ বোলিংয়ে দ্বিতীয় ম্যাচে কর্তৃত্বপূর্ণ জয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ।
এদিকে,
নুরুল হাসানের
জায়গায় তৃতীয় ম্যাচের দলে ডাক পেয়েছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ, যিনি ওয়ানডে
সিরিজ খেলতে এরই মধ্যে জিম্বাবুয়েতে অবস্থান করছিলেন।
আঙুলের চোট থেকে সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে সোহানের। তিনি
আজই হারারে থেকে ঢাকার পথে রওনা হন।
মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে টি২০ সিরিজে বিশ্রাম দিয়েছিল বিসিবি।
এছাড়া সাকিব আল হাসান আছেন ছুটিতে, আর তামিম ইকবাল এই ফরম্যাট থেকে অবসরই নিয়েছেন।
সব মিলে,
হারারেতে টি২০
সিরিজে এ মুহূর্তে বাংলাদেশের চার সিনিয়র ক্রিকেটারের কেউই ছিলেন না। এখন নুরুল
হাসানের ইনজুরিতে ডাক পড়ল মাহমুদউল্লাহর।
এ মুহূর্তে বিসিবির কোনো ফরম্যাটের চুক্তিতেই নেই মোসাদ্দেক। তবু তাকে
তৃতীয় ম্যাচের অধিনায়ক হিসেবে বেছে নিল ম্যানেজমেন্ট। যদিও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব
দেয়ার অভিজ্ঞতা রয়েছে মোসাদ্দেকের। ২০১৯ সাল থেকে সাদা বলের ক্রিকেটে আবাহনীকে ৩৬
ম্যাচে তিনি নেতৃত্ব দেন। এছাড়া ২০১৯-২০ মৌসুমের বিপিএলে সিলেট থান্ডারকেও তিনি
নেতৃত্ব দেন। এছাড়া বাংলাদেশ ‘এ’ দল এবং ঘরোয়া ক্রিকেটে বরিশাল বিভাগ ও
সেন্ট্রাল জোনকেও তিনি নেতৃত্ব দিয়েছেন।
উল্লেখ্য, টি২০ সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও
বাংলাদেশ। ৫,
৭ ও ১০ আগস্ট
হারারেতে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।










