সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রত্যাশামতোই লড়ছে বাংলাদেশ। লিগ পর্বে প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে, ভারতকে ২-১ গোলে ও মালদ্বীপকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে যুবারা। তিন ম্যাচের সবক’টিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। লিগ পর্বে আগামী মঙ্গলবার নেপালের বিপক্ষে এক পয়েন্ট পেলেই আসরের ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ যুবাদের। এছাড়া আজ ভারত ও নেপাল পয়েন্ট ভাগাভাগি করলেও ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতার আগের আসরগুলো হয়েছে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ বয়সীদের নিয়ে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) টুর্নামেন্টের সঙ্গে মিল রেখে এবার সাফের আসরটি হচ্ছে অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে। ২০১৫ সাল থেকে শুরু হওয়া বয়সভিত্তিক সাফ প্রতিযোগিতায় কখনো সেরার স্বাদ পায়নি বাংলাদেশ। ২০১৯ সালে কাঠমান্ডু অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া প্রতিযোগিতায় রানার্সআপ ট্রফিই সেরা সাফল্য। এবার ভুবনেশ্বরে আগের ফলাফল ছাপিয়ে যাওয়ার সুযোগ তানভীর-মিরাজুলদের সামনে।

বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকার অংশগ্রহণে হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। লিগ পদ্ধতিতে একটি দল অন্য দলের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে ৫ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল। মালদ্বীপের বিপক্ষে হ্যাটট্রিকসহ মোট চারটি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হওয়ার পথে বাংলাদেশের স্ট্রাইকার মিরাজুল ইসলাম।