মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ম্যাচেই জয় পায় দক্ষিণ আফ্রিকা। এরপর হ্যামিল্টন ও অকল্যান্ডে টানা দুটি জয় পেয়ে এগিয়ে যায় নিউজিল্যান্ড। আবার জিতল দক্ষিণ আফ্রিকা। আজ ওয়েলিংটনে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ১৯ রানের জয় তুলে নিয়ে সিরিজে সমতা আনল প্রোটিয়ারা। বুধবার ক্রাইস্টচার্চে সিরিজের মীমাংসা হবে।
আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। কনোর ইস্টারহুইজেন ৩৬ বলে ৫৭, রুবিন হারম্যান ২৫ বলে ২৮, ডিয়ান ফরেস্টার ১৪ বলে ১৯ ও জেসন স্মিথ ১৪ বলে ১৯ রান করেন। ২৯ রানে ২ উইকেট নেন কাইল জেমিসন।
জবাব দিতে নেমে ১৮.৫ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। টিম রবিনসন ২২ বলে ২৮ ও ডেন ক্লেভার ১৬ বলে ২৬ রান করেন। জেরাল্ড কোয়েৎজি ৩১ রানে ৩ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন ওটনিল বার্টম্যান, প্রেনেলান সুব্রাইয়েন ও কেশব মহারাজ।
দক্ষিণ আফ্রিকার ছেলেরা সমতা আনলেও নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে গেছে তাদের মেয়েরা। আজ ওয়েলিংটনে সিরিজের চতুর্থ ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নেয় কিউই নারীরা। এর মধ্য দিয়ে তারা ৩-১-এ সিরিজ জয় নিশ্চিত করে।
বুধবার ক্রাইস্টচার্চে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুটি দল।









