আলটিমেটাম অনুযায়ী দাবি পূরণ না হওয়ায় মাঠে আসেননি ক্রিকেটার। ফলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার শুরু হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। দুপুর ১টায় শুরু হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচ।
আজ ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হওয়ার কথা চলতি বিপিএলের শেষ পর্ব। যদিও ঢাকা পর্বের শুরুতেই বিপত্তি। বেফাঁস মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছিলেন ক্রিকেটাররা। গতকাল দেয়া সেই আলটিমেটামের পর ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও পদত্যাগ করেননি ওই পরিচালক। ফলে আজ বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ শুরু নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। ম্যাচ শুরুর সময়ই বনানীতে সংবাদ সম্মেলনে ডেকেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেখান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে।
আজ বেলা ১টায় প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস ম্যাচ। যদিও দুটিই এখন অনিশ্চিত।








