বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে আবারো বসতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ক্রিকেট আসর। আজ দুপুরে শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা শুরু হবে। এ উপলক্ষে বগুড়ায় চলছে নানা আয়োজন।
আজ দুপুরের ম্যাচে মুখোমুখি হবে সিলেট বনাম রংপুর বিভাগীয় দল। এনসিএলের দ্বিতীয় আসরের উদ্বোধন ঘিরে গতকাল দুপুরে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন, বরিশালের সালমান হোসাইন ইমন, সিলেটের জাকির হাসান ও রংপুর বিভাগের আকবর আলী। ৮ দলের খেলা হলেও ৪ দলের অধিনায়ক ছিলেন উপস্থিত।
আজ বগুড়ায় উদ্বোধনী ম্যাচে সিলেট মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের। রাজশাহীতে স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হবে ঢাকা মহানগর দল। এনসিএলে ঢাকা বিভাগ, ঢাকা মেট্রো, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, চট্টগ্রাম ও খুলনা বিভাগ। ফাইনাল ৩ অক্টোবর সিলেটে।
বগুড়ায় হবে ৬টি ম্যাচ। ১৪ সেপ্টেম্বর দুপুরে মুখোমুখি হবে সিলেট ও রংপুর বিভাগ; ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মাঠে নামবে ঢাকা ও বরিশাল বিভাগ; ১৬ সেপ্টেম্বর দুপুরে ঢাকা ও রংপুর; ১৭ সেপ্টেম্বর সকালে সিলেট ও বরিশাল; ১৮ সেপ্টেম্বর দুপুরে ঢাকা ও সিলেট এবং ১৯ সেপ্টেম্বর সকালে রংপুর ও বরিশাল মুখোমুখি হবে।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, শনিবার টিকিট বিক্রি শুরু হয়েছে। ধারণক্ষমতা অনুযায়ী টিকিট বিক্রি চলমান থাকবে। বগুড়ায় ম্যাচ আয়োজনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিসিবি থেকে অনেক কর্মকর্তাও এসেছেন। সবাই মিলে জমজমাট ক্রিকেট ম্যাচ উপহার দেব।
বগুড়ার এ মাঠে ২০০৬ সালে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর মাঝেমধ্যে বিভিন্ন লিগের খেলা অনুষ্ঠিত হয়।
এবার প্রথমবারের মতো এনসিএল টি-টোয়েন্টি লিগের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দীর্ঘ দুই দশক পর বগুড়ায় জাতীয় পর্যায়ের ক্রিকেট মাঠে বল গড়ানো উপলক্ষে জেলার ক্রিকেটাঙ্গনে এখন আনন্দের বন্যা। এসব ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। ৫০ টাকায় গ্যালারি ও ১০০ টাকায় মিলছে ভিআইপি গ্যালারির টিকিট।









