চলতি দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সুপার এইটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ রোববার নেপালকে ৯ উইকেটে হারিয়েছে সেরা আটে খেলা নিশ্চিত করে দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৩ রান তোলে নেপাল। জবাবে শাই হোপ ও শিমরন হেটমায়েরের ৫৯ বলে ৯১ রানের জুটিতে ভর করে ১৫.২ ওভারে ৯ উইকেটের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ৪৪ বলে ৬১ ও হেটমায়ের ৩২ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন।

এর আগে পেসম্যান জেসন হোল্ডারের তোপের মুখে পড়ে খুব বেশি রান তুলতে পারেনি নেপাল। ২৭ রানে ৪ উইকেট নেন হোল্ডার। ৪৭ বলে ৫৮ রান করেন দিপেন্দ্র সিং আইরে।

টানা তিন জয়ে ‘সি’ গ্রুপ থেকে সুপার এইটে খেলা নিশ্চিত হলো ওয়েস্ট ইন্ডিজের। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড, আর স্কটল্যান্ড ২ পয়েন্ট নিয়ে তিনে। স্কটল্যান্ডের পক্ষে ওয়েস্ট ইন্ডিজকে ধরা সম্ভব নয়, ফলে শেষ আটের টিকিট কেটেছে ক্যারিবীয়রা। অবশ্য ইংল্যান্ডকে টপকে সুপার এইটে ওঠার সুযোগ রয়েছে স্কটল্যান্ডের।

বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে নবাগত ইতালির বিপক্ষে খেলবে টি-টোয়েন্টির পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ।