মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন সকালে ১০৬ রান করে আউট হয়েছেন তিনি। এছাড়া ১২৮ রানের রাজসিক ইনিংস খেলেন লিটন দাস। দুই সেঞ্চুরিতে ৪৭৬ রান তুলে অলআউট হয় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৫ উইকেটে ৯৮ রান তুলে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে আয়ারল্যান্ড।
এ ম্যাচটি যেন মুশফিকময়। তার শততম টেস্ট, শততম টেস্টে ১১তম ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি— আরো কত কী রেকর্ড। সব আলোই এখন মুশফিকের ওপর। যদিও তার পা দুটি মাটিতেই থাকছে।
আজ দিনের খেলা শেষে মুশফিক বললেন, তিনি দলের প্রয়োজনকেই বড় করে দেখেন এবং জয়ই হবে শততম টেস্টে তার সবচেয়ে বড় উপহার। তার কথায়, ‘প্রতিটি ম্যাচেই আমার চেষ্টা থাকে নিজের সেরাটা দেয়ার, দলের জয়ে যতটা সম্ভব বড় ভূমিকা রাখার। গতকালও (বুধবার) বলেছি ক্যারিয়ার ১০০ ম্যাচ হোক বা যে কারো যে কোনো মাইলফলক, সবকিছুর আগে থাকে দলের প্রয়োজন। আমি শুধু সেটাই মনে করিয়ে দিতে চেয়েছি। বাংলাদেশের জন্য আমি মুশফিকুর রহিম, সমুদ্রের দুই-একটা ফোঁটার মতোই।’
তিনি আরো বলেন, ‘নাম বড় কি না, সেটা আসলে আলাদা বিষয়। দেশের কথাটাই আগে, দলের কথাটাই আগে। আমরা দেশের জন্য খেলি—এই বার্তাটাই দিতে চেয়েছি। এই ম্যাচে জয়ই হবে আমার সবচেয়ে বড় উপহার।’









