টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে হারল বাংলাদেশ। চ্যালেঞ্জিং ১৮২ লক্ষ্য তাড়ায় ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। এরপর তাওহিদ হৃদয় একাই লড়াই করেছেন। কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। তাতে ৩৯ রানে হেরেছে স্বাগতিকরা।

এর আগে চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেছেন হ্যারি টেক্টর। বাংলাদেশের বোলারদের মধ্যে এক মোস্তাফিজুর রহমান ছাড়া সবাই ছিলেন খরুচে। মোস্তাফিজ ৪ ওভারে ২৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তানজিম সাকিব ২ উইকেট পেলেও খরচ করেন ৪১ রান। শরিফুল ইসলাম ৪২ রানে এবং রিশাদ হোসেন ৩৪ রানে নেন একটি করে উইকেট।

জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করেছে বাংলাদেশ। ১৮২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। রান তাড়ায় ৫ রানে ৩ ও ১৮ রানে ৪ উইকেট খোয়ায় বাংলাদেশ। এরপর তাওহিদ হৃদয় এক প্রান্ত ধরে রাখলেও একবারও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি বাংলাদেশ। অলআউট না হওয়াটাই হয়ে রইল সান্ত্বনা।

হৃদয় ৫০ বলে ৮৩ রানের অপরাজিত না থাকলে হারের ব্যবধানটা আরো বড়ই হতো। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের নিজের সর্বোচ্চ ইনিংস খেলার পথে সাতটি চার ও তিনটি ছক্কা মেরেছেন হৃদয়। বাংলাদেশ ৭৪ রানে ৮ উইকেট হারানোর পর নবম উইকেট শরীফুল ইসলামকে নিয়ে ৪৮ রান যোগ করেন হৃদয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে, যা এ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। আয়ারল্যান্ডের বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিস ৪ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এটিই তার সেরা বোলিং।