বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ সবচেয়ে আলোচিত খবর তামিম ইকবালের অসুসস্থতা। সকালে বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস করতে নামেন তামিম। যদিও টস শেষে ফিল্ডিং করতে নামার আগে বুকে ব্যথা অনুভব করেন তিনি। স্থানীয় এক হাসপাতালে এনজিওগ্রাম করানো হলে তার হার্টে ব্লক ধরা পড়ে। ঘটনাবহুল দিনে তামিমের হার্টে রিং-ও পরানো হয়। এখন তিনি হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এ ঘটনায় খেলা সাময়িকভাবে বিঘ্নিত হলেও ঠিকই সম্পন্ন হয়েছে। শাইনপুকুরকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান।
আগে ব্যাটিংয়ে নেমে ২২৩ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। অধিনায়ক রাইয়ান রাফসান রহমান করেন সর্বোচ্চ ৭৭ রান। জবাবে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি (৮৬ বলে ১০৩) ও রনি তালুকদারের ফিফটিতে (৮৬ বলে ৬১) ভর করে ৪৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মোহামেডান।
এছাড়া আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী, আর বিকেএসপিতে অগ্রণী ব্যাংককে ৩৪ রানে হারায় প্রাইম ব্যাংক।








