বিশ্বকাপ ফাইনালকে ঘিরে এবার নতুন এক শঙ্কা। কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক ও নিউ জার্সির আকাশ ধূসর হয়ে যাওয়ায় স্পেন-আর্জেন্টিনা ফাইনালের আগে বাতাসের মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত ফাইনাল স্থগিতের কোনো পরিকল্পনা নেই বলে ইঙ্গিত মিলেছে।
রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। এর আগে উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য কর্তৃপক্ষ বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। কিছু এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘বিপজ্জনক’ পর্যায়েও পৌঁছেছে।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠেছে এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই। বাতাসে দূষিত কণার মাত্রা মাপা এই সূচকই নির্ধারণ করবে খেলোয়াড়দের জন্য পরিস্থিতি কতটা নিরাপদ। বাতাসের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ সূচক দ্রুত ওঠানামা করতে পারে।
যদিও ফিফা বায়ুদূষণের কারণে ম্যাচ স্থগিতের নির্দিষ্ট সীমা প্রকাশ করেনি, যুক্তরাষ্ট্রের ফুটবল নির্দেশিকায় একিউআই ১০০ ছাড়ালে অতিরিক্ত সতর্কতা ও পানিবিরতির ব্যবস্থা, ১৫০ ছাড়ালে বেঞ্চের পাশে অক্সিজেন রাখার সুপারিশ এবং ১৮০-২০০-এর কাছাকাছি গেলে ম্যাচ স্থগিতের বিষয়টি বিবেচনার কথা বলা হয়েছে। ২০০-এর বেশি হলে স্থগিত বা পিছিয়ে দেয়ার সুপারিশ করা হয়।
এদিকে চিকিৎসক ও গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড হেলথ অ্যালায়েন্সের প্রতিনিধি ড. কোর্টনি হাওয়ার্ড সতর্ক করে বলেছেন, এরা উচ্চমানের অ্যাথলেট। অনুশীলনের সময় তাদের ফুসফুস দিয়ে বিপুল পরিমাণ বাতাস প্রবাহিত হয়। বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে থাকলে তাদের খোলা মাঠে অনুশীলন করা উচিত নয়। সম্ভব হলে বিশুদ্ধ বাতাসের ইনডোর সুবিধা ব্যবহার করা উচিত।’
স্পেন বৃহস্পতিবার নিউ জার্সিতে ধোঁয়াচ্ছন্ন পরিবেশেই অনুশীলন করেছে। অন্যদিকে সেমিফাইনালের পর আর্জেন্টিনা তখনও জর্জিয়ার আটলান্টা এলাকায় ছিল, যেখানে দাবানলের ধোঁয়ার প্রভাব তুলনামূলক কম।
তবে আবহাওয়ার পূর্বাভাস কিছুটা স্বস্তি দিচ্ছে। শনিবারের ভারী বৃষ্টি এবং রোববার ভোরে শীতল বায়ুপ্রবাহ ধোঁয়ার ঘনত্ব উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই আপাতত ফিফা বা স্থানীয় কর্তৃপক্ষ ফাইনাল স্থগিতের কথা ভাবছে না, যদিও পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।









